হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকরা

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ২১:৪৬

কিশোরদের নিরাপদে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ দিতে নতুন অভিভাবক নিয়ন্ত্রণ সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে সন্তানের প্রোফাইলের গোপনীয়তা, গ্রুপ, স্ট্যাটাস, চ্যানেল ও মেটা এআই ব্যবহারের কিছু বিষয় নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকেরা। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন সুবিধাগুলো ঐচ্ছিক। অভিভাবক ও কিশোররা একসঙ্গে এগুলো সেটআপ করতে পারবেন। তবে এসব নিয়ন্ত্রণের মাধ্যমে সন্তানের ব্যক্তিগত চ্যাট বা ফোনকল দেখার সুযোগ থাকবে না।

প্রোফাইল ও গ্রুপে নিয়ন্ত্রণ
অভিভাবকরা ঠিক করে দিতে পারবেন, কিশোরের প্রোফাইল ছবি কারা দেখতে পারবেন এবং কারা তাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করতে পারবেন। কিছু সেটিং পরিবর্তনের ক্ষেত্রে পরে অভিভাবকের অনুমোদন ও পিন প্রয়োজন হতে পারে।

কিশোর কোনো গ্রুপে যোগ দিলে বা গ্রুপ থেকে বের হলে অভিভাবককে নোটিফিকেশন পাঠানোর সুবিধাও থাকছে। কোনো গ্রুপের সদস্যসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলেও সতর্কবার্তা পাওয়া যেতে পারে।

তবে এসব নোটিফিকেশনের মাধ্যমে গ্রুপের মেসেজ পড়া যাবে না। ব্যক্তিগত মেসেজ ও কল এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে।

স্ট্যাটাস ও চ্যানেল নিয়ন্ত্রণ
কিশোর কোন কোন হোয়াটসঅ্যাপ চ্যানেল অনুসরণ করতে পারবে, সেটি নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকরা। চাইলে কিশোর নিজে কোনো চ্যানেল তৈরি করতে পারবে কি না, সেটিও নির্ধারণ করা যাবে। এ ছাড়া কিশোর কার স্ট্যাটাস দেখতে পারবে এবং কারা তার স্ট্যাটাস দেখতে পারবে, সে বিষয়েও নিয়ন্ত্রণ রাখা যাবে।

মেটা এআইয়েও থাকছে নিয়ন্ত্রণ
নতুন সুবিধার আওতায় মেটা এআই ব্যবহারের বিষয়টিও যুক্ত করা হয়েছে। অভিভাবকরা কিশোরের জন্য সাধারণ ১৩+ সেটিং রাখতে পারবেন। চাইলে আরও সীমিত কনটেন্টের ‘লিমিটেড কনটেন্ট’ অপশনও বেছে নিতে পারবেন।

ব্যক্তিগত চ্যাট দেখতে পারবেন না অভিভাবকরা
নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এর মাধ্যমে অভিভাবকরা সন্তানের ব্যক্তিগত মেসেজ পড়তে বা ফোনকল শুনতে পারবেন না। এসব যোগাযোগ আগের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় থাকবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন ফিচারগুলো ধীরে ধীরে চালু করা হচ্ছে। ফলে সব পরিবারে একসঙ্গে এসব সুবিধা পাওয়া নাও যেতে পারে।

ইত্তেফাক/আরএইচ