রোনালদোকে নিয়ে প্রশ্নে জেসুস বললেন, ‘নিয়ম সবার জন্য সমান’

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৪

পর্তুগালের কোচ হোর্হে জেসুসের সঙ্গে বিরোধের পর জাতীয় দলের ক্যাম্প ছাড়েন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে রোনালদোকে ঘিরে নাটকীয়তার কোনো খারাপ প্রভাব পড়েনি দলের ওপর। বৃহস্পতিবার (১ অক্টোবর) ডেনমার্ককে ৪-২ গোলে সহজেই হারিয়ে উয়েফা নেশনস লিগে জয়ের ধারা ধরে রেখেছে পর্তুগিজরা।

ডেনমার্ক ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসেন কোচ জেসুস। সেখানে রোনালদোকে নিয়ে প্রশ্ন অবধারিতই ছিল। এ সময় পর্তুগালের কোচ বলেন, ‘নিয়ম সবার জন্যই একই। কোচ খেলোয়াড়দের ক্যারিয়ার ও অতীত বিবেচনায় নেন। ম্যাচের সময় সবাইকে একইভাবে দেখা হয়, কোনো খেলোয়াড় কখনোই আমার সিদ্ধান্ত বদলাতে পারবে না।’

রোনালদো প্রসঙ্গ এড়িয়ে গিয়ে জেসুস বলেন, ‘দারুণ এক জয়। চার গোল করেছি। উঁচুমানের পারফরম্যান্স। এটা এড়িয়ে যাওয়ার উপায় নেই। অন্য যা কিছু ঘটেছে তার চেয়ে এটা বেশি গুরুত্বপূর্ণ। এই ম্যাচ এবং দ্রাগাও স্টেডিয়ামে পরের ম্যাচে আমি মনোযোগ দিতে চাই, যেখানে আমি (পর্তুগালে) ফিরবো সমর্থকদের নিয়ে। তারা কানায় কানায় গ্যালারি পূর্ণ করবেন। এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’ 

পরের প্রশ্নে সরাসরি রোনালদোর নাম উচ্চারণ করা হয়নি। একটু ঘুরিয়ে জেসুসের কাছে জানতে চাওয়া হয়, জাতীয় দলে খেলোয়াড়দের মর্যাদা বা ‘স্ট্যাটাস’ নিয়ে কথা বলায় তাঁর মধ্যে কোনো অনুশোচনা আছে কি না? এমন প্রশ্নের জবাবে জেসুস বলেন, ‘একদমই নেই। কোনো অনুশোচনা নেই এবং আমি আগের মতো একই কথাই ভাবছি। কিছু খেলোয়াড় মর্যাদাবান, এটা পরিষ্কার। তবে আমি আবার বলছি, নিয়ম সবার জন্য সমান। আমি সব সময় এভাবেই ভেবেছি এবং ভবিষ্যতেও এভাবেই ভাববো।’

ইত্তেফাক/জেডএইচ