খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের তিন শিক্ষার্থীকে মাদকদ্রব্যসহ আটক করার পর সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের কাজী রিয়াজুস ছলেহীন, এস এম তৌফিক আলম ও মো. মুশফিক উল ইসলাম।
বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক দপ্তরের নিয়মিত টহলের সময় ৪ নম্বর একাডেমিক ভবন থেকে ওই তিন শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে গাঁজা পাওয়া যায় বলে ছাত্রবিষয়ক পরিচালক দপ্তরের সদস্যরা দাবি করেন।
বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শৃঙ্খলা অধ্যাদেশের ৬(খ) ও ২৪ ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে সাময়িক বহিষ্কার ও জরিমানার এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনায় সহকারী ছাত্রবিষয়ক পরিচালক এহসান মজিদ মোস্তফাকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিন বলেন, নিয়মিত টহলের সময় তিন শিক্ষার্থীকে আটক করা হয় এবং তাদের কাছে মাদকদ্রব্য পাওয়া যায়। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর শৃঙ্খলা কমিটি বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেবে।
