নোয়াখালীর সেনবাগ উপজেলায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পিকআপে মিছিল করার অভিযোগে ৯ কিশোরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় তাদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। আটক কিশোরদের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার সেবারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চৌমুহনী এলাকা থেকে একটি খালি পিকআপ ফেনী-নোয়াখালী মহাসড়ক ধরে সেবারহাটের দিকে যাচ্ছিল। গাড়িটি সেনবাগ স্টেডিয়ামের সামনে পৌঁছালে একদল তরুণ সেটির গতি থামিয়ে সেবারহাট যাওয়ার কথা বলে উঠে পড়ে এবং পথিমধ্যে উচ্চস্বরে 'জয় বাংলা' স্লোগান দিতে শুরু করে।
স্থানীয় সূত্র জানায়, পিকআপটি সেনবাগ রাস্তার মাথা এলাকা পার হওয়ার সময় বিষয়টি স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীদের দৃষ্টিগোচর হয়। এরপর তারা মোটরসাইকেল নিয়ে গাড়িটির পিছু ধাওয়া করেন এবং সেবারহাট বাজার এলাকায় পিকআপটির পথরোধ করে ঘেরাও করে ফেলে। সেখান থেকে ৯ জন কিশোরকে আটক করেন। এ সময় তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন দৌড়ে পালিয়ে যায়।
আটককৃত কিশোরদের মারধর করার পর ছাত্রদলের নেতা-কর্মীরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের নিজেদের হেফাজতে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন জানান, ছমিরমুন্সিরহাট এলাকা থেকে সেবারহাটের দিকে যাওয়ার পথে পিকআপে 'জয় বাংলা' স্লোগান দিলে ছাত্রদলের নেতা-কর্মীরা ওই কিশোরদের আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের হেফাজতে নেয়। তারা বর্তমানে থানায় রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
