মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধে জড়ানোর উদ্দেশ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ৭ অক্টোবরের ঐতিহাসিক আক্রমণ থেকে বিশ্ববাসীর দৃষ্টি অন্যদিকে সরাতে এবং ইসরায়েলের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নড়বড়ে রাজনৈতিক অবস্থানকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে এই ‘ফলস ফ্লাগ’ অপারেশন চালানোর চেষ্টা করা হয়। আর এটি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে নতুন করে আগ্রাসন শুরু করা হতো।
সামাজিক যোগাযোগমাধ্যমেও কেউ কেউ দুবাই থেকে তেলআবিবগামী ফ্লাই দুবাইয়ের বিমানকাণ্ডকে সাজানো ঘটনা হিসেবে দাবি করেছেন। তাদের বক্তব্য, এর উদ্দেশ্য ছিল ইসরায়েলের নির্বাচনকে প্রভাবিত করা, অভ্যন্তরীণ ইস্যু থেকে মানুষের মনোযোগ সরিয়ে নেওয়া এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও উস্কে দেওয়া।
গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেলআবিবের উদ্দেশ্যে যাত্রা করেছিল ফ্লাই দুবাইয়ের একটি বিমান। একপর্যায়ে ৩৪ হাজার ফুট উচ্চতা থেকে মাত্র দুই মিনিটের ব্যবধানে বিমানটি প্রায় ১৭ হাজার ফুট নিচে নেমে আসে বিমানটি।
পরে জানা যায়, বিমানের ক্যাপ্টেনের ওপর হামলা চালিয়ে বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করছিলেন কো-পাইলট। এ সময় একজন অফ-ডিউটি পাইলট বিমানটির নিয়ন্ত্রণ নেন এবং সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করান। বিমানটিতে ১৭৪ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে ২৭ জন শিশু ছিল।
প্রেস টিভির প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ঘটনার দুদিন আগে গত রোববার সংযুক্ত আরব আমিরাতে নেতানিয়াহু অত্যন্ত গোপন একটি সফর করেছিলেন। এর দুই দিন পরই বিমানকাণ্ডটি ঘটে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঘটনার সাথে সাথে নেতানিয়াহু ও ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছেন। এছাড়া নেতানিয়াহু এটিকে ৯/১১ হামলার সঙ্গেও তুলনা করেছেন। কিন্তু ওই সময় তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি।
অভিযোগ অস্বীকার ইসরায়েলের
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফলস ফ্ল্যাগের’ যে অভিযোগ করা হচ্ছে সেটি অস্বীকার করেছে ইসরায়েল। অস্ট্রেলিয়াস্থ ইসরায়েলি দূতাবাস বলেছে সেই আগের মতো ইহুদিদের ওপর দায় চাপানো হচ্ছে। এটিকে তারা ইহুদি বিদ্বেষ হিসেবেও অভিহিত করেছে।
সূত্র: প্রেস টিভি
