ইসলামে কর্মক্ষেত্রে নৈতিকতার গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ বিষয়ে বিবেচিত। একজন মুসলিম কর্মক্ষেত্রে নৈতিকতার উচ্চমান বজায় রাখতে ও সৎভাবে কাজ করতে বাধ্য। ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রতিটি কাজেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা থাকা উচিত। কুরআন ও হাদিসে কর্মক্ষেত্রের নৈতিকতার বিভিন্ন দিক আলোচনা করা হয়েছে, যা একটি সফল ও উন্নত সমাজ গঠনে সহায়ক।
মুমিনের দৈনন্দিন প্রতিটি বৈধ কর্ম, যদি তা সঠিক নিয়তে এবং শরিয়তের সীমারেখা মেনে সম্পাদন করা হয়, তবে তা-ই ইবাদতে পরিণত হয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও আমার মৃত্যু—সবই বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য।’ (সুরা আনআম: ১৬২)। জীবনের সবকিছুই যখন আল্লাহর জন্য, তখন অফিসের কর্মঘণ্টাও সেই ইবাদতের বাইরে নয়। কিন্তু কীভাবে একজন কর্মচারী তার দৈনন্দিন দাপ্তরিক কাজকে ইবাদতে রূপান্তর করতে পারেন?
১. নিয়তের বিশুদ্ধতা
কর্মক্ষেত্রে প্রতিদিনের কাজকে ইবাদতে পরিণত করার প্রধান শর্ত হলো নিয়তের বিশুদ্ধতা। মানুষ নিজের ও পরিবারের হালাল জীবিকা নির্বাহ এবং সমাজের সেবা করার নিয়তে যে শ্রম দেয়, তা আল্লাহর দরবারে ইবাদত হিসেবে গণ্য হয়।
২. দায়িত্ব একটি পবিত্র আমানত
ইসলামের দৃষ্টিতে চাকরি বা পদ-পদবি এক বিরাট আমানত ও দায়িত্ব। কোনো প্রতিষ্ঠানে মাসিক বেতনের চুক্তিতে যোগদানের অর্থ হলো সেই প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী নিজের মেধা, সময় ও শ্রম দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ‘হে ইমানদারগণ, তোমরা তোমাদের চুক্তিগুলো পূর্ণ করো।’ (সুরা মায়িদা: ১)
৩. সময় ও সম্পদের নিরাপত্তা
চাকরিজীবীদের জন্য বরাদ্দকৃত কর্মঘণ্টা প্রতিষ্ঠানের গচ্ছিত আমানত। সময়মতো অফিসে না আসা, কাজের সময়ে অযথা আড্ডা দেওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে সময় নষ্ট করা কিংবা ব্যক্তিগত কাজে দাপ্তরিক সময় ব্যয় করা স্পষ্ট খেয়ানত। একইভাবে, অফিসের কাগজ, গাড়ি, বিদ্যুৎ বা অন্যান্য সরঞ্জাম ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা বা নষ্ট করা নিষিদ্ধ।
৪. দুর্নীতির বিরুদ্ধে অবস্থান
পেশাগত দায়িত্বকে ইবাদতে রূপ দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো দুর্নীতি, ঘুষ ও পদ-পদবির অপব্যবহার। সরকারি বা বেসরকারি প্রকল্প বাস্তবায়নে ধীরগতি করা, ফাইল আটকে রাখা, কোনো সেবা প্রদানের বিনিময়ে অর্থ বা সুযোগ-সুবিধা দাবি করা কবিরা গুনাহ। রাসুলুল্লাহ (সা.) লানত করে বলেছেন, ‘আল্লাহ তাআলা ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়কেই অভিশাপ দিয়েছেন।’ (সুনানে আবু দাউদ)
৫.সহানুভূতি ও সহযোগিতা
কর্মক্ষেত্রে সহকর্মীদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং একে অপরকে সাহায্য করা ইসলামের গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা। মুসলিমদের আল্লাহ একে অপরের ভাই হিসাবে বিবেচনা করতে বলেছেন। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, ‘তোমরা পরস্পরকে সাহায্য কর ন্যায় ও তাকওয়ার কাজে’-(সূরা মায়েদা, ৫:২)। রাসূল (সা.) আরও বলেছে, ‘মুসলিম মুসলিমের ভাই, সে তার প্রতি অত্যাচার করবে না এবং তাকে বিপদে ফেলে দেবে না’-(সহিহ বুখারি)। কর্মক্ষেত্রে এ নির্দেশনা অনুযায়ী কাজ করলে পারস্পরিক সহানুভূতি ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে কর্মক্ষেত্রের পরিবেশ আরও উন্নত ও সৌহার্দ্যময় হয়।
৬.অঙ্গীকার পূরণ
কর্মক্ষেত্রে দেওয়া অঙ্গীকার ও দায়িত্ব পূরণ করা ইসলামি নৈতিকতার অপরিহার্য অংশ। কুরআনে আল্লাহ বলেন, ‘এবং অঙ্গীকার পূরণ কর; নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞেস করা হবে’-(সূরা আল-ইসরা, ১৭:৩৪)। রাসূল (সা.) বলেছেন, ‘যার মধ্যে আমানতদারী নেই, তার মধ্যে ইমান নেই’-(সহিহ মুসলিম)।
৭.ন্যায়বিচার ও ইনসাফ
ইসলামে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। কর্মক্ষেত্রে ইনসাফ ও ন্যায়বিচার মেনে কাজ করা আল্লাহর নির্দেশ। কুরআনে বলা হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচার এবং সদাচারণের আদেশ দেন...’-(সূরা আন-নাহল, ১৬:৯০)। এছাড়া কর্মক্ষেত্রে পক্ষপাতিত্ব ও অবিচার করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ।
৮.কঠোর পরিশ্রম ও আন্তরিকতা
ইসলামে কাজকে ইবাদত হিসাবে গণ্য করা হয়, যদি তা সৎ উদ্দেশ্যে ও আন্তরিকতার সঙ্গে করা হয়। কুরআনে আল্লাহ বলেছেন : ‘আর মানুষ তার চেষ্টা-প্রচেষ্টার ওপরেই নির্ভরশীল...’-(সূরা আন-নাজম, ৫৩:৩৯)। রাসূল (সা.) বলেছেন, ‘আল্লাহতায়ালা এমন কর্মীকে ভালোবাসেন, যে কাজ করে তা যথাযথভাবে সম্পন্ন করে’-(সহিহ মুসলিম)।
৯. সত্যবাদিতা ও সততা
ইসলামে সত্যবাদিতা ও সততার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। কর্মক্ষেত্রে সৎ হওয়া, মিথ্যা না বলা এবং প্রতারণা না করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন, ‘আর তোমরা সত্যবাদীদের সঙ্গে থাক’-(সূরা আত-তাওবা, ৯:১১৯)। এছাড়া রাসূল বলেছেন, ‘সত্যবাদিতা নেক কাজের দিকে নিয়ে যায়, আর নেক কাজ জান্নাতের দিকে নিয়ে যায়’-(সহিহ বুখারি)।
কর্মক্ষেত্রে সততা ও দায়িত্বশীল ভূমিকা পালন করে উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে। পরস্পর অসৎ কাজে প্রতিযোগিতা না করে সৎভাবে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করে নিজের মানসিক শান্তি ও ভালো একটি সমাজ নির্মাণের চেষ্টা করতে হবে। একজন অসৎ মানুষকে সমাজের সবাই ঘৃণা করে। অসৎ মানুষ শিক্ষিত হলেও সমাজের জন্য ক্ষতিকর। অসৎ ও দুর্নীতিবাজ মানুষ তার সন্তানদের জন্য ভালো কোনো শিক্ষা রেখে যেতে পারে না এবং অসৎ কাজের জন্য সে সমাজ ও রাষ্ট্রের আইন ও বিচারের মুখোমুখি হতে পারে। পরিশেষে বলতে চাই, আমরা যে প্রতিশ্রুতি নিয়ে কর্মক্ষেত্রে চাকরি বা কাজ নিয়েছি, সেটা আমাদের আমানত। সে আমানত রক্ষা করেই কেবল প্রশান্তি লাভ করা সম্ভব।
