উত্তরায় ডিজিএফআই পরিচয়ে চাঁদা দাবি, গ্রেপ্তার ৩

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪০

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ডিজিএফআই সদস্য পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানা পুলিশ। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন— মো. রাসেল মাহবুব ওরফে মাছুম (৪২), সোহেল মির্জা (৪১) ও মো. সজিব (৩৬)।

শুক্রবার (২ অক্টোবর) সকাল আনুমানিক ৮টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের একটি বাড়ির দশম তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
 
পুলিশ জানায়, কাইয়ুম শাহরিয়ার জাহেদী নামে এক ব্যক্তিকে অভিযুক্তরা ভয়ভীতি দেখায় যে তার নামে মামলা আছে। নিজেদের ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় দেন তারা। মামলা নিষ্পত্তির কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। একপর্যায়ে ভয়ে তিনি তাদের ১ লাখ ৫৯ হাজার টাকা দেন। পরে তাদের কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলে ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান তিনি।

এ বিষয়ে  ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনের কাছ থেকে ডিজিএফআইয়ের একটি পরিচয়পত্র পায়। পরিচয়পত্রটি দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজির কথা স্বীকার করেন বলে জানান তিনি।
 
মো. আকতার হোসেন আরও বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ডিজিএফআইয়ের একটি ভুয়া পরিচয়পত্র, একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল, নগদ ১ লাখ ৫৯ হাজার টাকা, একটি ওয়াকিটকি ও এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।

ইত্তেফাক/আরএইচ