রাড্ডা ক্লিনিকে ভাঙচুর

ঢাকা জেলা জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেপ্তার

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১৩:৪৬

রাজধানীর মিরপুর-১ নম্বরে মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে (৩৬) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার (৩ অক্টোবর) মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিশু শাহআলী থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা কমিটির সাবেক সদস্য ও বর্তমানে ঢাকা জেলা জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি।

ডিবির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রাকিব খান বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাতে আমিনবাজার এলাকা থেকে মিশুকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, গত ২৫ সেপ্টেম্বর রাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে দুই শতাধিক ব্যক্তি হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। পরে এক্সকাভেটর দিয়ে স্বাস্থ্যকেন্দ্রের একাধিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে শাহ আলী থানার তৎকালীন ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।

পাশাপাশি এ ঘটনায় রাজনৈতিকভাবে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। একইসঙ্গে যুবদল ও ছাত্রদলের স্থানীয় কমিটিও বিলুপ্ত করা হয় এবং কয়েকজন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়াও এ ঘটনায় গত ১ অক্টোবর জাতীয় সংসদে ভবনে স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

এর আগে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ইত্তেফাক/এনটিএম