এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে স্বর্ণ জিতেছে ভারত। এই নিয়ে টানা দ্বিতীয়বার স্বর্ণ জিতলো দেশটি। এদিকে প্রথমবার এশিয়ান গেমসে অংশ নিয়ে শ্রেষ্ঠত্বের পদক গলায় ঝুলালেন বৈভব সূর্যবংশী। তাতে ইতিহাস গড়লেন তিনি।
সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে গোল্ড মেডেল জিতলেন সূর্যবংশী। ১৫ বছর ৬ মাস ও সাত দিন বয়সে স্বর্ণ জিতে তিনি ভাঙলেন শুটার সৌরভ চৌধুরীর রেকর্ড। ২০১৮ এশিয়ান গেমসে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ১৬ বছর ৩ মাস ও ৯ দিন বয়সে স্বর্ণ পান ভারতীয় শুটার।

সব পদকজয়ীদের মধ্যে সূর্যবংশী দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসেবে পদক জিতলেন। ২০২৩ সালে হাংঝুতে শেষ এশিয়ান গেমসে নারীদের ৩০০০ মিটার রিলে ইভেন্টে ১৫ বছর ৩ মাস ১১ দিন বয়সী সাঞ্জানা বাথুলা ব্রোঞ্জ জিতেছিলেন।
অভিষেক শর্মার ব্যাটে ভারত ৬ উইকেটে ২১১ রান করেন। ২৮ বলে ৬১ রানের ইনিংস খেলার পথে তিনি সাত ছয় মারেন। পাকিস্তান রান তাড়ায় নেমে হাসান নওয়াজের ব্যাটে আশা দেখছিল। কিন্তু ৫১ বলে তিনি ৯৬ রান করে মাঠ ছাড়ার পর ম্যাচ নিয়ন্ত্রণে নেয় ভারত। ৬ উইকেটে ১৯২ রানে থামে পাকিস্তান।
