জামালপুর থেকে নারায়ণগঞ্জগামী একটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার (৩ অক্টোবর) ভোররাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের ফতুল্লার ভূঁইগড় বাসস্ট্যান্ড এলাকায় সিফাত পরিবহনের বাসে এ ঘটনা ঘটে।
ডাকাতরা বাসে থাকা ২৫ যাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নেয়। তবে ঠিক কী পরিমাণ নগদ টাকা লুটে নেওয়া হয়েছে সেটি তাৎক্ষণিক জানা যায়নি।
পাঁচজনের একদল ডাকাত বাসে উঠে চালককে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ওই ঘটনা ঘটায় বলে যাত্রীদের অভিযোগ। ঘটনার সময় ঘটনাস্থলের অদূরেই ফতুল্লা থানা পুলিশের একটি টহল দল ছিল।
বাসে থাকা যাত্রীরা জানান, গত শুক্রবার রাত ১০টার দিকে জামালপুর থেকে (ঢাকা মেট্রো-ব-১৩-২৪৪৪) সিফাত পরিবহনের বাসটি ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়। পথে সাইনবোর্ড এলাকায় কয়েকজন যাত্রী নামার পর রাত ৩টার দিকে বাসটি ভূঁইগড় বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছায়।
সেখানে যাত্রী নামানোর সময় পাঁচজন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে জোর করে বাসে ওঠে। তখন বাসে নারী-পুরুষ মিলিয়ে ২৫ জন যাত্রী ছিলেন। ডাকাতরা চালকের বুকে বড় একটি ছুরি ধরে যাত্রীদের ভয় দেখায়। পরে একে একে যাত্রীদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন লুটে নিয়ে বাস থেকে নেমে যায়। ডাকাতদের কাছ থেকে ছাড়া পেয়ে ঘটনাস্থলের অদূরে অপেক্ষমান পুলিশের একটি টহল টিমকে ঘটনা জানায় বাসের চালক ও যাত্রীরা।
সিফাত পরিবহনের টিকিট কাউন্টারের কর্মী বিপ্লব জানান, রাত সাড়ে ৩টার দিকে ডাকাতরা বাস থেকে নেমে যাওয়ার পর চালক যাত্রীদের নিয়ে নারায়ণগঞ্জ কোর্ট এলাকার কাউন্টারের সামনে আসেন। তখন যাত্রীরা তাদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন লুটের কথা জানান।
ফতুল্লা মডেল থানার এসআই মিলন ফকির বলেন, যেখানে বাসে ডাকাতির ঘটনা ঘটেছে তার আশপাশেই আমরা ছিলাম। কেউ চিৎকার দিলেই আমরা এগিয়ে যেতাম। অপরাধীরা পালিয়ে যাওয়ার পর বাসচালক ও যাত্রীরা আমাদের বিষয়টি জানিয়েছেন। যাত্রীদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে টাকা এবং মোবাইল ফোন লুটে নিয়েছে। এ ঘটনায় যাত্রীরা বা বাস চালক চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারেন।
তিনি আরও জানান, যাত্রীরা অতিরিক্ত আতঙ্কিত হয়ে গিয়েছিল। এই পুলিশ কর্মকর্তার দাবি দুর্বৃত্তরা মাত্র দু’জন বাসের ভেতরে উঠেছিল এবং নিচে একজন ছিল। তারা প্রতিরোধ গড়তে পারলে ঘটনাটি এড়ানো যেত।
