পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পুনর্বহালসহ একাধিক দাবিতে সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। প্রথম দফার বৈঠক শেষে পরবর্তী আলোচনায় ইমরান খানের সঙ্গে দেখা করার সুযোগ নিশ্চিত করাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দলের ছয় সদস্যের আলোচনাকারী কমিটি।
ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আয়াজ সাদিকের মধ্যস্থতায় শুক্রবার (২ অক্টোবর) সরকার, পিটিআই ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিরোধী দলের পক্ষ থেকে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সুযোগসহ কয়েকটি আস্থাবর্ধক পদক্ষেপের দাবি তুলে ধরা হয়।
আলোচনা শেষে বিরোধী দলের কমিটি নিজেদের মধ্যে বৈঠক করে পরবর্তী কৌশল ঠিক করে। সূত্রের বরাতে জানা গেছে, ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পুনর্বহাল করাকে পরবর্তী দফার আলোচনায় প্রধান দাবি হিসেবে রাখার সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া ইমরান খানের বোনদের অবিলম্বে মুক্তি এবং ব্যক্তিগত হাসপাতালে তার চিকিৎসার বিষয়ে সুপ্রিম কোর্টের দেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের দাবিও জানিয়েছে বিরোধী পক্ষ।
তবে এসব দাবির বিষয়ে সরকার তাৎক্ষণিকভাবে কোনো ইতিবাচক প্রতিক্রিয়া জানায়নি। বৈঠকে সরকারের রাজনৈতিকবিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ খান সরকারের অবস্থান তুলে ধরেন।
প্রথম দফার আলোচনার পর বিরোধী দলের ছয় সদস্যের কমিটি পেশোয়ারে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির সঙ্গে বৈঠক করে। সেখানে সরকারের সঙ্গে অনুষ্ঠিত আলোচনার বিষয়বস্তু তুলে ধরার পাশাপাশি পরবর্তী দফার বৈঠক নিয়ে তার মতামত ও পরামর্শ নেওয়া হয়।
বৈঠকে সরকার ও বিরোধী দলের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন প্রস্তাব ও দাবিও পর্যালোচনা করা হয়। একই সময়ে বিরোধী কমিটি প্রথম দফার আলোচনার ফলাফল মাহমুদ আচাকজাইকেও অবহিত করে।
অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি লাহোরে গিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে আলোচনার অগ্রগতি সম্পর্কে জানান।
আলোচনায় ইসলামাবাদমুখী কোনো লং মার্চ বা হামলার বিষয়ে কঠোর অবস্থান জানায় সরকার। সূত্রের দাবি, পিটিআইকে ফেডারেল রাজধানীর দিকে লং মার্চের পরিকল্পনা শর্তহীনভাবে বাতিল করতে বলেছে সরকারের আলোচনাকারী দল।
জবাবে বিরোধী প্রতিনিধিরা জানান, দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা ছাড়া এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। তারা জানতে চান, লং মার্চ বাতিল করলে এর বিনিময়ে সরকার কী ধরনের পদক্ষেপ নেবে।
এরপর সরকারের পক্ষ থেকে বিরোধীদের কাছে জানতে চাওয়া হয়, তারা কী ধরনের সুবিধা বা পদক্ষেপ প্রত্যাশা করছে।
সমঝোতার চেষ্টা নকভির
আলোচনায় সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য থাকলেও সংলাপ চালিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে বলে সূত্র জানিয়েছে। পরবর্তী দফার আলোচনায় একে অপরের দাবির জবাব দেওয়ার বিষয়েও সমঝোতা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি আলোচনাকে সমঝোতার দিকে এগিয়ে নিতে দুই পক্ষের মধ্যে সমন্বয়ের চেষ্টা করছেন। সূত্রগুলো বলছে, সমাধানের পথ খোঁজার এই প্রক্রিয়ায় বিশৃঙ্খলা ও রাজনৈতিক অস্থিরতা এড়িয়ে চলার বিষয়েও উভয় পক্ষ একমত হয়েছে।
তবে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সুযোগ, তার বোনদের মুক্তি এবং ইসলামাবাদমুখী লং মার্চ বাতিলের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দুই পক্ষের অবস্থান এখনো পুরোপুরি কাছাকাছি আসেনি। ফলে পরবর্তী দফার আলোচনায় এসব ইস্যুতে কী ধরনের সমঝোতা হয়, সেটিই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সূত্র: সামা টিভি
