ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, সর্বোচ্চ তিন মাসের মধ্যে গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে।
শনিবার (৩ অক্টোবর) মহাখালী বাস টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, চুনকুটিয়ায় ঝিলমিল প্রজেক্টে ডিপোর জন্য ১০ একর জায়গা সরকার ইতোমধ্যে অনুমতি দিয়েছে। সেখানে ডিপোর কাজ শুরু হয়েছে। রাজউকের মাধ্যমে আরও প্রায় ৭৫ একর জায়গা পাওয়া যাবে। সেখানে স্থায়ীভাবে টার্মিনাল এবং ডিপো করা হবে। দক্ষিণবঙ্গগামী ১৯টি জেলার সব বাস, ট্রাক এবং বাদামতলী আড়তের ট্রাক সেখানে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, চুনকুটিয়ায় মাল্টিমডেল একটি ট্রান্সপোর্ট হাব হবে। আপাতত স্থায়ী টার্মিনাল এবং ডিপো হওয়ার আগ পর্যন্ত অস্থায়ীভাবে ১০ একর জায়গায় গুলিস্তান এবং ফুলবাড়িয়ার টার্মিনালটি শিফট করা হবে।
মহাখালী টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে কমিশনার বলেন, মহাখালী টার্মিনালটি একটি শৃঙ্খলাবদ্ধ নিয়মের মধ্য দিয়ে চলবে। কেউ অনিয়ম করার চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
