ভঙ্গুর অর্থনীতি ও খেলাপি ঋণে শীর্ষস্থান উত্তরাধিকার সূত্রে পেয়েছি: অর্থ উপদেষ্টা

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৫

বিগত ১৭ বছর দেশে জনগণের ভোটাধিকার, সঠিক জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ ও গণতন্ত্রের অস্তিত্ব ছিল না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি উল্লেখ করেন, স্বৈরশাসনের কারণে বিগত সরকারের তথাকথিত উন্নয়নের বয়ান ফানুসের মতো মিলিয়ে গেছে আর বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে এমন এক ভঙ্গুর অর্থনীতি পেয়েছে, যার কারণে বাংলাদেশ আজ বিশ্বে ঋণখেলাপির তালিকায় শীর্ষে পৌঁছেছে।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে কর্মসংস্থান সৃষ্টি ও নতুন বিনিয়োগের মাধ্যমে উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলার রূপরেখা দিয়েছেন। এই লক্ষ্য বাস্তবায়নে সারা দেশে বিশেষায়িত প্রোডাকশন হাব স্থাপন করা হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে প্রকৃত উন্নয়নের ধারা শুরু হয়েছে উল্লেখ করে তিনি দেশকে বিশ্বদরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

যোগাযোগ ও স্বাস্থ্যসেবার অপ্রতুলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষ যে ভাঙ্গা উপজেলার ওপর দিয়ে যাতায়াত করে, সেখানে আজ পর্যন্ত কোনো ট্রমা সেন্টার গড়ে ওঠেনি। গুরুত্বপূর্ণ এমন একটি ট্রানজিট পয়েন্টে ট্রমা সেন্টার না থাকা পুরো জাতির জন্যই এক বড় ধরনের ট্রমা। বিগত সরকারের আমলে এই অঞ্চলের মানুষের জন্য কোনো বাস্তবমুখী কর্মসংস্থান সৃষ্টি করা হয়নি; অথচ উন্নয়নের বুলি আওড়ানো হয়েছে। গোপালগঞ্জসহ বৃহত্তর ফরিদপুরে বেকারত্বের উচ্চহার প্রমাণ করে যে সেখানে উন্নয়নের নামে মূলত লুটপাটতন্ত্র কায়েম ছিল।

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি বলেন, বিগত ছয় মাসে তাঁর নির্বাচনী এলাকায় সড়ক, সেতু ও শিক্ষাপ্রতিষ্ঠানের যে দৃশ্যমান উন্নয়ন হয়েছে, আগামী দিনগুলোতেও সেই ধারাবাহিকতা বজায় রাখা হবে।

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে সংবর্ধনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ মুন্সী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সী এবং উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ইত্তেফাক/এনএন