শেষবার আকাশি-সাদা জার্সি গায়ে মাঠে নামতে আর্জেন্টিনায় ফিরেছেন লিওনেল মেসি। বুধবার (৭ অক্টোবর) বেনিনের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। বুয়েনস আইরেসের ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার মনুমেন্টাল স্টেডিয়ামে সেই ম্যাচটিই হতে যাচ্ছে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ।
রোববার (৪ অক্টোবর) রকিনা ফাসোকে ৭-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। বুরকিনা ফাসোর ম্যাচ শেষে দলের পারফরম্যান্স, নিজের চুক্তির ভবিষ্যৎ এবং লিওনেল মেসির বিদায় নিয়ে কথা বলেছেন কোচ লিওনেল স্কালোনি।
মেসির বিদায় নিয়ে কথা বলতে গিয়ে স্কালোনি বলেন, ‘যদি পাঁচটি মনুমেন্টাল স্টেডিয়ামও থাকত, সবগুলো পূর্ণ হয়ে যেত। আমি সব জায়গা থেকে বার্তা পেয়েছি। হাহা। আমার মনে হয়, সবকিছু বলা হয়ে গেছে। এখন শুধু উপভোগ করার পালা।’
মেসিকে ছাড়া আর্জেন্টিনার ভবিষ্যৎ প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘আমরা সবসময় যে নস্টালজিয়ার কথা বলি, সে যখন থাকবে না, তখন সেটা অনুভব হবে। এখন সে আর এখানে থাকবে না।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি সবাই আবেগপ্রবণ থাকবে। মেসিও থাকবে। সে যেদিন মনুমেন্টালের মাঠে পা রাখবে, সেদিনটি সবার জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে। তার এই দিনের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। তার সঙ্গে আমাদের আরও দুটি অনুশীলন সেশন আছে। যতটুকু সময় বাকি আছে, আমরা তা উপভোগ করব।’
বেনিনের বিপক্ষে ম্যাচটি মেসির ক্যারিয়ারের ২০৮তম আন্তর্জাতিক ম্যাচ হবে। আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন এলএমটেন।
মেসির লিগ্যাসি নিয়ে স্কালোনি বলেন, ‘তার লিগ্যাসি হলো সবসময় সেখানে থাকার অদম্য ইচ্ছা। সে সবসময় সবার আগে আসত এবং সবার শেষে বের হতো। নিজের যত্ন নেওয়ার ধরন, প্রতিটি ম্যাচের জন্য প্রস্তুত হওয়ার পদ্ধতি—এসব অনেকের চোখে পড়ে না। কিন্তু তার সতীর্থরা এগুলো দেখেছে। এর চেয়ে ভালো উদাহরণ আর হতে পারে না। সে এমন কিছু রেখে যাচ্ছে, যার কোনো বিকল্প নেই।’
