সাতসকালে পুকুরে ভেসে উঠলো যুবকের মরদেহ

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১৬:১৭

সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি পুকুর থেকে রতন শেখ (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ভাতহাড়িয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রতন শেখ ওই গ্রামের রহিম বক্সের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।

স্থানীয়রা জানান, সকালে এলাকার একটি পুকুরে রতন শেখের মরদেহ ভেসে ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

এদিকে রতন শেখের মৃত্যুর কারণ নিয়ে পরিবার ও এলাকাবাসীর মধ্যে নানা গুঞ্জন চলছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ'

ইত্তেফাক/এপি