রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১৬:১৮

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা।

রোববার (৪ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে উভয়পক্ষের আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক।

এর আগে মেজর (অব.) আখতারুজ্জামানকে এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে। রিমান্ড শেষে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ। অন্যদিকে তার আইনজীবীরা জামিন চেয়েছেন।

পুলিশের করা আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা দাবি করেন, এক দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় আখতারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। মামলার তদন্ত ও তথ্য যাচাই-বাছাই চলমান থাকায় তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে শনিবার (৩ অক্টোবর) ঢাকার একটি আদালত বিমানবন্দর থানার মামলায় আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ তার পাঁচ দিনের রিমান্ড চেয়েছিল।

মামলাটি করা হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে। মামলায় দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগও রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম। মামলাটি আদালতে উপস্থাপনের পর বিচারক আগামী ১০ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এর আগে শুক্রবার রাজধানীর ক্যান্টনমেন্টসংলগ্ন ধামালকোট এলাকার নিজ বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

ইত্তেফাক/এসজেএস