চেকপোস্টে তল্লাশির সময় ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১৭:৫৮

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় ট্রাকচাপায় মোহাম্মদ আলমগীর (৪৬) নামে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালকও আহত হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফেনী সদর উপজেলার ফতেহপুর এলাকায় স্টারলাইন ফুয়েল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলমগীর নেত্রকোনার কেন্দুয়া থানার শান্তিবাগ ইউনিয়নের মনাটিয়া গ্রামের নুরুদ্দীন আহমেদের ছেলে। তিনি এসআরবি-৭ ফেনী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার (ডিএডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেনাবাহিনী থেকে প্রেষণে এসআরবিতে যোগ দিয়েছিলেন তিনি।

আহত ট্রাকচালকের নাম মোহাম্মদ সজীব (৪৫)। তিনি বরিশালের বাকেরগঞ্জ থানার শ্যামপুর এলাকার সালাম গাজীর ছেলে।

এসআরবি ফেনী ক্যাম্প সূত্র জানায়, মাদক পাচারের তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে ফেনী সদর উপজেলার ফতেহপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করে এসআরবি ফেনী ক্যাম্পের একটি দল।

এ সময় দ্রুতগতির একটি ট্রাক চেকপোস্টে গতি না কমিয়ে সেখানে থাকা একটি কাভার্ড ভ্যানে সজোরে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এসআরবি-৭ ফেনী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলমগীরকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে আলমগীর ও ট্রাকচালক সজীব গুরুতর আহত হন।

পরে দুজনকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আলমগীরকে মৃত ঘোষণা করেন। আহত ট্রাকচালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, ট্রাকচাপায় এসআরবি ফেনী ক্যাম্পের সদস্য মোহাম্মদ আলমগীর নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাক ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে রোববার দুপুরে নিহত আলমগীরের মরদেহ এসআরবি ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 
ইত্তেফাক/এমএএম