সহকর্মীর দাফনে ছাত্রদল নেতা, মোটরসাইকেল নিয়ে পালাল চোর

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১৯:৪২

ময়মনসিংহের গৌরীপুরে দাফন কাজে অংশ নিতে গিয়ে মোটরসাইকেল খুইয়েছেন উপজেলা ছাত্রদলের সহসভাপতি জহিরুল ইসলাম। রোববার (৪ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার সহনাটি ইউনিয়নের সোনাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার উপজেলার মাওহা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে শেষে বাড়ি ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান উপজেলার সহনাটি ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি আল মামুন। রোববার বেলা ১০টা ৩০ মিনিটে সহনাটি ইউনিয়নপর সোনাকান্দি গ্রামে সদ্য প্রয়াত মামুনের জানাজা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের সহসভাপতি জহিরুল ইসলাম দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিজের ব্যক্তিগত ডিসকভার মডেলের একটি মোটরসাইকেল নিয়ে নিয়ে ওই জানাজায় অংশ নেন। জানাজা শেষে মামুনের বাড়ির সামনের সড়কে মোটরসাইকেলটি রেখে গোরস্থানে যান দাফন কাজে অংশ নিতে। দাফন শেষে মামুনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে ফিরে এসে তিনি দেখেন সড়কে মোটরসাইকেলটি আর নেই। এরপর আশেপাশে খোঁজখুঁজি করেও সন্ধান পাননি তিনি।

উপজেলা ছাত্রদলের সহসভাপতি জহিরুল ইসলাম বলেন, ‘জানাজা শেষে বাইকটি সড়কে রেখে আমরা যখন মামুনের দাফন কাজ ও দোয়ায় অংশগ্রহণ করি, ধারণা করা হচ্ছে চোর ওই সময়েই বাইক নিয়ে পালিয়ে যায়। বাইকটির আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা।’

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, জানাজা থেকে মোটরসাইকেল চুরি যাওয়ার বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ইত্তেফাক/এনএ