সালমান খানের ক্যারিয়ার বদলে দিয়েছিল বাবার যে পরামর্শ

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ২০:৩৪

ক্যারিয়ারের সবচেয়ে অন্ধকার সময়ে ছোটপর্দার জনপ্রিয় শো ‘দশ কা দম’ ফিরিয়ে দিতে চেয়েছিলেন সালমান খান! আইনি জটিলতা ও ব্যক্তিগত নানা বিতর্কে যখন তার ক্যারিয়ার হুমকির মুখে, তখন এই প্রস্তাব নিয়ে দ্বিধায় ছিলেন অভিনেতা। তবে বাবা সেলিম খানের সময়োপযোগী পরামর্শে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলান সালমান। পরবর্তীতে এই রিয়েলিটি শো-টিই সালমানের ইমেজ বদলে দিতে এবং তাকে আমজনতার আরও কাছাকাছি নিয়ে যেতে সবচেয়ে বড় ভূমিকা রাখে।

সম্প্রতি ‘বিগ বস ২০’-এর একটি পর্বে প্রতিযোগীদের নিজের মতো থাকার পরামর্শ দিতে গিয়ে জীবনের সেই কঠিন সময়ের কথা তুলে ধরেন সালমান। তিনি জানান, ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘করণ অর্জুন’-এর মতো একাধিক সফল সিনেমা করার পর ছোটপর্দায় আসেন তিনি। তখন তাকে ঘিরে নানা নেতিবাচক আলোচনা চলছিল।

সালমান বলেন, ‘আমি ‘ম্যায়নে পেয়ার কিয়া’ করেছি, আরও অনেক ছবি করেছি। তার পর ছোটপর্দায় আসি। সেই সময়ে আমাকে নিয়ে সর্বত্র অনেক নেতিবাচক কথা হচ্ছিল। আদালতের মামলা থেকে সম্পর্ক, আমার ছবি-সব কিছু নিয়েই আলোচনা চলছিল।’

এমন পরিস্থিতিতেই ‘দশ কা দম’ সঞ্চালনার প্রস্তাব পান সালমান। কিন্তু চারপাশের সমালোচনার কারণে অনুষ্ঠানটি করতে শুরুতে আগ্রহী ছিলেন না তিনি। এ নিয়ে বাবার সঙ্গে কথা বলেন অভিনেতা।

সালমান জানান, তার বাবা সেলিম খান তখন তাকে নিজের ব্যক্তিত্ব ও শিক্ষার ওপর বিশ্বাস রাখার পরামর্শ দেন। বাবার সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমি অনুষ্ঠানটা করতে চাইছিলাম না। কারণ আমার বিরুদ্ধে এত কিছু বলা হচ্ছিল। সব জায়গাতেই আমাকে নিয়ে সমালোচনা হচ্ছিল। তখন বাবার সঙ্গে কথা বলি, তার পরামর্শ চাই। বাবা আমাকে বলেছিলেন, ‘তুমি কি নিজের ব্যক্তিত্ব, নিজের মন আর তোমার শিক্ষার ওপর বিশ্বাস করো না?’ আমি বলেছিলাম, ‘করি’। তখন তিনি আমাকে অনুষ্ঠানটা করতে বলেছিলেন। পাশাপাশি সেখানে নিজের মতো থাকতে বলেছিলেন।’

বাবার পরামর্শ মেনে শেষ পর্যন্ত ‘দশ কা দম’ সঞ্চালনা করেন সালমান। তার দাবি, এই অনুষ্ঠানই দর্শকের কাছে তাকে নতুনভাবে পরিচয় করিয়ে দেয়। সেখানে দর্শক তাকে শুধু অভিনেতা হিসেবে নয়, একজন মানুষ হিসেবে দেখেছিলেন।

সালমান বলেন, ‘সেই একটি অনুষ্ঠানে মানুষ আমাকে জানতে পেরেছিল। সবাই ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘করণ অর্জুন’ বা আমার অন্য ছবিগুলোর কথা ভুলে গেল। তারা শুধু ‘দশ কা দম’-এ আমাকে দেখতে শুরু করলেন। কারণ সেখানে তারা কোনো অভিনেতাকে দেখেননি, একজন মানুষকে দেখেছিলেন।’

সালমানের মতে, জীবনের সেই কঠিন সময়ে নিজের ওপর বিশ্বাস রাখা এবং বাবার পরামর্শ মেনে চলাই তাকে নতুনভাবে দর্শকের কাছে পৌঁছাতে সাহায্য করেছিল। ‘দশ কা দম’-এর মাধ্যমে ছোটপর্দায় তার যে ব্যক্তিত্বের দিকটি দর্শকের সামনে এসেছিল, সেটি পরবর্তী সময়ে তার জনপ্রিয়তার অন্যতম অংশ হয়ে ওঠে।

ইত্তেফাক/এসএইচ