ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্র থেকে ইরানি কূটনীতিকদের বের করে দেওয়ার খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন।
রোববার (৪ অক্টোবর) এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক শেষে নির্ধারিত সময়মতোই সব ইরানি কূটনীতিক দেশ ছেড়ে চলে গেছেন। যিনি একজন বাকি ছিলেন, তিনিও ইতিমধ্যে রওনা দিয়েছেন।
এর আগে মার্কিন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, জাতিসংঘের ইরানি মিশনের সবাইকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়া হলেও দুই কূটনীতিক সেই নির্দেশ মানেননি।
আরাগচি এই অহংকারকে ‘হতাশা ও পরাজয়’ বলে মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের এমন আচরণ জাতিসংঘের স্বাগতিক দেশ হিসেবে তাদের নিয়ম ও দায়িত্বের পরিপন্থী।
সূত্র: আল-জাজিরা
