দক্ষিণ সিটি প্রশাসক

ঢাকা শহরকে বাঁচাতে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ২১:৩৮

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, শিক্ষার্থীদের আচরণ সাধারণ মানুষ অনুসরণ করে। ডেঙ্গু প্রতিরোধ ও যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধে জনসচেতনতা তৈরিতে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ঢাকা শহরকে বাঁচাতে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে।

রোববার (৪ অক্টোবর) ডিএসসিসির সংস্কার ও আধুনিকায়ন করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, শিক্ষার্থীদের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। তাই ডেঙ্গু প্রতিরোধসহ পরিচ্ছন্নতা কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের সৌন্দর্যবর্ধন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের ওপর দেওয়ার ঘোষণা দেন ডিএসসিসি প্রশাসক।

তিনি বলেন, সিপাহী বিপ্লবের স্মৃতিবিজড়িত বাহাদুর শাহ পার্কের মতো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা অব্যবস্থাপনা ও অবহেলায় পড়ে থাকতে পারে না। যথাযোগ্য মর্যাদায় এটি সংরক্ষণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের ওপর গুরুত্ব দিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার জন্য ‘ধূপখোলা মাঠ’ যথাযথভাবে বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে পুরান ঢাকাকে কেন্দ্র করে সাংস্কৃতিক বিপ্লব গড়ে তুলতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।

এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় নিহত বিশ্বজিৎ দাসের নামে ‘ফ্যাসীবাদ বিরোধী চত্বর’ নির্মাণের ঘোষণা দেন ডিএসসিসি প্রশাসক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীনের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এ ঘোষণা দেন।

প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনটি সংস্কার ও আধুনিকায়ন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা এবং ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএএম