পাবনায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে-খুঁচিয়ে যুবককে হত্যা

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ২১:৪০

পাবনা সদর উপজেলার সুমন হোসেন (৩২) নামে যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সুমন মাদকাসক্ত ছিলেন বলে পরিবারের বরাতে জানিয়েছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) বিকেলে মালঞ্চি ইউনিয়নের বিল ভাদুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন হোসেন বিল ভাদুড়িয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সুমনকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছেলেটির বাবা জানিয়েছে সে মাদকাসক্ত ছিল। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানার পাশাপাশি জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

ইত্তেফাক/এপি