তিন দিনে রেমিট্যান্স এলো ২০ কোটি ৬০ লাখ ডলার

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৪
চলতি অক্টোবর মাসের প্রথম তিন দিনেই দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় দুই হাজার ৫৩৩ কোটি ৮০ লাখ টাকা।
 
রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বছরের অক্টোবর মাসের প্রথম তিন দিনে রেমিট্যান্স এসেছিল পাঁচ কোটি ৭০ লাখ ডলার। সেই তুলনায় চলতি মাসের শুরুতেই প্রবাসী আয় আসার গতিতে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের সামগ্রিক চিত্র বিশ্লেষণেও ইতিবাচক ধারা স্পষ্ট। অর্থবছরের প্রথম দিন ১ জুলাই থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৮৭৯ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৭৬৪ কোটি ৩০ লাখ ডলার।

হিসাব অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে দেশে প্রবাসী আয় আসার ক্ষেত্রে ১৫ দশমিক ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর সুবিধা বৃদ্ধি এবং ইতিবাচক পরিবেশ বজায় থাকায় প্রবাসী আয়ের এ ধারা ঊর্ধ্বমুখী রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ইত্তেফাক/আইএ