ব্রাজিলে ভোটগ্রহণ শেষ, লুলা-বলসোনারোর হাড্ডাহাড্ডি লড়াই

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০৮

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে আবারও বাম বনাম ডানের তীব্র রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হলো বিশ্ব। প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শেষে বর্তমান প্রবীণ বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে কড়া টক্কর দিচ্ছেন ডানপন্থী তরুণ সিনেটর ফ্লাভিও বলসোনারো। সাবেক বিতর্কিত প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বড় ছেলে ফ্লাভিও ভোটের মাঠে কিছুটা এগিয়ে থাকায়, এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী শিবিরের চূড়ান্ত ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে আগামী ২৫ অক্টোবরের রান-অফ নির্বাচনে।

রোববারের নির্বাচনে প্রায় ১৬ কোটি নিবন্ধিত ভোটার ভোট দেওয়ার যোগ্য ছিলেন। প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি এদিন আইনপ্রণেতা, গভর্নর ও সিনেটরও নির্বাচিত হচ্ছেন।

ব্রাজিলের ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা থাকায় ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফলাফল প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী বৈধ ভোটের ৫০ শতাংশের বেশি না পেলে শীর্ষ দুই প্রার্থী দ্বিতীয় দফার নির্বাচনে অংশ নেবেন। আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় দফার ভোট হওয়ার কথা রয়েছে।

নির্বাচনের আগে প্রকাশিত অধিকাংশ জনমত জরিপে লুলা ও ফ্লাভিও বলসোনারোর মধ্যে ব্যবধান খুবই কম দেখা গেছে। জরিপগুলোতে লুলা সামান্য এগিয়ে থাকলেও দ্বিতীয় দফার সম্ভাব্য ভোটে দুই প্রার্থীর ব্যবধান আরও কমে আসার ইঙ্গিত পাওয়া গেছে। এবারের নির্বাচন তাই ব্রাজিলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন অপেক্ষা চূড়ান্ত ফলাফলের।

 
ইত্তেফাক/এসএইচ