গত সপ্তাহে গ্রিসের কাছে ১-০ গোলে হেরেছিল জার্মানি। সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছিল জার্মানদের সামনে। তবে তা কাজে লাগাতে পারেনি ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। ফিরতি ম্যাচে গ্রিসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে জার্মানি।
জার্মানিকে আটকে দিয়ে লিগ এ-র গ্রুপ টু পয়েন্ট তালিকায় দুইয়ে থেকে এবারের আন্তর্জাতিক বিরতি শেষ করেছে গ্রিস। ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তিনে ক্লপের দল। অন্যদিকে, তলানিতে থাকা সার্বিয়াকে ২-১ গোলে হারানো নেদারল্যান্ডস ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে।
প্রথমার্ধের খেলা এগিয়ে যাওয়ার সঙ্গে জার্মানির আধিপত্য বেড়েছে। ৭০ শতাংশের বেশি বল দখলে রেখে ২১টি শট নিলেও তারা জাল খুঁজে পায়নি। জোনাথান বারখার্ডট জালে বল ঠেলে দিলে মনে হয়েছিল জার্মানি প্রথমার্ধে লিড নিয়েছে। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি রিভিউয়ে গোল বিল্ড আপের সময় টম বিশফের হ্যান্ডবল শনাক্ত করেন।
জার্মানি অধিনায়ক ফ্লোরিয়ান উইর্টজ বলেন, ‘আমরা বেশ ভালো চাপ তৈরি করেছিলাম। কিন্তু গোল পেলাম না। এটা হতাশার। সর্বোপরি আমরা যেভাবে খেললাম তাতে সন্তুষ্ট। অনেক ইতিবাচক দিক ছিল। আমাদের ভুলে যাওয়া চলবে না যে কেবল এক সপ্তাহের জন্য আমরা একত্রিত হয়েছি। আমরা সত্যিই জয় চেয়েছিলাম। কিন্তু সবকিছু এখন খারাপ নয়।’
নেদারল্যান্ডসের জয়
জশুয়া জির্কজির জয়সূচক গোলে সার্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। এই জয়ে লিগ এ-র গ্রুপ টু পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে ডাচরা।
৩১ মিনিটে টিউন কোপমাইনার্সের ফ্রি-কিক সরাসরি জালে জড়ালে এগিয়ে যায় ডাচরা। তবে ৪ মিনিট পরই সমতা ফেরায় সার্বিয়া। আলেক্সা তেরজিচের ক্রস থেকে মাথা ছুঁইয়ে গোল করেন ১৯ বছর বয়সী মিহাইলো চভেতকোভিচ।
সমতায় বিরতিতে যাওয়ার পর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বদলি হিসেবে নামা জোশুয়া জির্কজি। দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নামা ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড ৭২ মিনিটে নেদারল্যান্ডসকে আবার এগিয়ে দেন। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ডাচরা।
