আইফোনে গুরুতর নিরাপত্তা ত্রুটি: দ্রুত সফটওয়্যার আপডেটের পরামর্শ অ্যাপেলের

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১২:২১

আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে অ্যাপেল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের অপারেটিং সিস্টেমের পুরোনো সংস্করণে একটি গুরুতর নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছে। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে হ্যাকাররা ক্ষতিকর ফাইলের মাধ্যমে ব্যবহারকারীর ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারে। এই চরম নিরাপত্তার ঝুঁকি এড়াতে ব্যবহারকারীদের দ্রুত তাদের সফটওয়্যার হালনাগাদ করার পরামর্শ দিয়েছে অ্যাপল।

নিরাপত্তা ত্রুটিটি রয়েছে ছবি ও গ্রাফিকস প্রদর্শনের কাজে ব্যবহৃত সফটওয়্যার উপাদান ‘কোরগ্রাফিকসে’। অ্যাপেলের ভাষ্য, এই দুর্বলতা কাজে লাগিয়ে ‘অত্যন্ত জটিল’ ধরনের সাইবার হামলা চালানো হয়ে থাকতে পারে। বিশেষ করে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে লক্ষ্য করে এমন হামলার তথ্য পেয়েছে প্রতিষ্ঠানটি।

এই ঝুঁকি মোকাবিলায় পুরোনো সংস্করণের সফটওয়্যার ব্যবহার করা আইফোনের জন্য আইওএস ২৬.৭.১ এবং আইপ্যাডের জন্য আইপ্যাডওএস ২৬.৭.১ হালনাগাদ প্রকাশ করেছে অ্যাপল। আইফোন ১১ ও এর পরের মডেল, যেগুলো এখনো পুরোনো সফটওয়্যারে চলছে, সেগুলোতে এই হালনাগাদ করা যাবে।

যেভাবে আইফোন হালনাগাদ করবেন

আইফোন হালনাগাদের আগে গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা কপি রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এরপর ফোনটি চার্জে রেখে নির্ভরযোগ্য তারহীন ইন্টারনেটের সঙ্গে যুক্ত করতে হবে। তারপর সেটিংস থেকে সফটওয়্যার হালনাগাদ অপশনে যেতে হবে। সেখানে নতুন হালনাগাদ দেখা গেলে ‘ডাউনলোড ও ইনস্টল’ অথবা ‘এখনই হালনাগাদ’ অপশনে চাপ দিতে হবে। এরপর ফোনের পাসকোড চাইলে সেটি দিয়ে শর্তাবলিতে সম্মতি জানালেই হালনাগাদ শুরু হবে।

ব্যবহারকারীরা চাইলে স্বয়ংক্রিয় হালনাগাদ ব্যবস্থাও চালু করতে পারেন। এতে ফোন চার্জে থাকা এবং তারহীন ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় রাতে স্বয়ংক্রিয়ভাবে নতুন হালনাগাদ নামিয়ে ইনস্টল করা সম্ভব।

নিরাপত্তা ত্রুটিটি কীভাবে বা কার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি অ্যাপল। তবে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে জটিল হামলার তথ্য পাওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে প্রতিষ্ঠানটি। এই ধরনের দুর্বলতা কাজে লাগিয়ে গোপনে নজরদারি করা সফটওয়্যার ব্যবহারের আশঙ্কাও রয়েছে।

এদিকে পুরোনো সফটওয়্যার ব্যবহারকারীদের জন্য নিরাপত্তা হালনাগাদ দেওয়ার পাশাপাশি নতুন আইফোনের জন্যও আলাদা হালনাগাদ প্রকাশ করেছে অ্যাপল। নতুন আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স মডেলের কয়েকটি সমস্যার সমাধানে প্রকাশ করা হয়েছে আইওএস ২৭.০.১।

সূত্র: ডেইলি মেইল  

ইত্তেফাক/এসএইচ