খসে পড়ছে ইউপি ভবনের পলেস্তরা, মাথায় হেলমেট দিয়ে অফিস করেন কর্মীরা

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৬:২২

বাগেরহাটের চিতলমারী উপজেলার ১ নম্বর বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনটি দীর্ঘ দিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে হঠাৎ সেখানে পলেস্তরা খসে আহতের খবরও পাওয়া গেছে। আতঙ্কে দুদিন ধরে হেলমেট মাথায় অফিস করছেন ইউনিয়ন পরিসদের প্রশাসনিক কর্মকর্তাসহ অনেকেই। এই পরিস্থিতিতে ওই ভবন সেবা নিতে আসা লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, গত রোববার পরিবার পরিকল্পনায় কর্মরত আয়া সবিতা রানীর মাথায় ছাদের পলেস্তারা খসে পড়ে আহত হন। এরপর বিষয়টি জানাজানি হলে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মূলত এই ঘটনার জেরেই ভবনের কর্মরতদের অনেকেই মাথায় হেলমেট পরে অফিস করেন।

সম্প্রতি সরজমিনে, দেখা গেছে ভবনের প্রায় প্রতিটি কক্ষের ছাদ ও দেয়ালের অবস্থা নাজুক। পরিষদের দায়িত্বরত লোকজন মাথায় হেলমেট পরে অফিসের কাজ করছেন। বাইরে থেকে আসা লোকজন ও হেলমেট ছাড়া ভবনের ভেতর প্রবেশ করতে ভয় পাচ্ছেন। এ অবস্থায় দ্রুত ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণ করা জরুরি বলে দাবি করছেন এলাকাবাসীসহ সংশ্লিষ্টরা।

বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রাশেদুর রহমান বলেন,

ভবনের কোনো কক্ষই নিরাপদ নয়। হলরুম, তথ্য সেবা কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ও প্রতিদিন মানুষ সেবা নিতে আসেন। পলেস্তারা খসে পড়ে কয়েকজন আহতও হয়েছেন। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

ইউপি চেয়ারম্যান মাসুদ সরদার বলেন, ভবনটির অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল। কয়েকবার পলেস্তরা খসে পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) খাদিজা আক্তার বলেন, জায়গা স্বল্পতার কারণে বর্তমান স্থানে নতুন ভবন নির্মাণ করা সম্ভব হচ্ছে না। পুরোনো সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে সংস্কারের কাজ শুরু করা যাবে।

 

ইত্তেফাক/এপি