১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ২১:০২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি পুনর্নির্ধারণ করে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) ছুটির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। ২২ অক্টোবরের ছুটির সমন্বয়ে ১৭ অক্টোবর (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর ছুটি থাকবে। ২২ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর অফিস খোলা থাকবে।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলা থাকার কথা ছিল। মন্ত্রিসভার নতুন সিদ্ধান্তে ওই দিনও ছুটি পুনর্নির্ধারণ করা হয়েছে।

ফলে ২০, ২১ ও ২২ অক্টোবর পূজার ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটি ভোগ করবেন।

মন্ত্রিসভায় ছুটির প্রস্তাব অনুমোদনের পর এখন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ইত্তেফাক/এমএসআর