চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-২ (এসআরবি-২)।
সোমবার (৫ অক্টোবর) শেরেবাংলা নগর এলাকা থেকে আটকের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি পুলিশের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, চাঁদাবাজির অভিযোগে এসআরবি তাকে আটক করেছে। পরে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ ও এসআরবি-সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় মিজানুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে গার্মেন্টস থেকে চাঁদা নেওয়া, নিউরোসায়েন্স হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনা, আগারগাঁও নতুন রাস্তা এলাকার ফুটপাত থেকে চাঁদাবাজি এবং শেরেবাংলা নগর থানার পাশের সমবায় বস্তিতে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা নেওয়া।
এদিকে শেরেবাংলা নগর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মিজানুর রহমান স্বপন বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
