কথা বলা বন্ধ করায় প্রেমিকার বাবাকে তুলে নিয়ে গেলেন প্রেমিক!

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ২৩:৫২

ভারতের গুজরাটে প্রেমিকার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে তার বাবাকে বন্দুকের ভয় দেখিয়ে অপহরণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই যুবকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) গুজরাটের সুরাটে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

পুলিশের ভাষ্য, সুরাটের এক ব্যবসায়ীর মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ঋষভ নাহাটার। পরে ওই তরুণী ঋষভের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে ঋষভ তার বাবাকে অপহরণের পরিকল্পনা করেন বলে অভিযোগ।

পুলিশ জানায়, ঋষভ আরও দুই বন্ধুকে সঙ্গে নিয়ে ওই ব্যবসায়ীর বাড়িতে যান। সে সময় তরুণী বাড়িতে ছিলেন না। একপর্যায়ে ঋষভ ব্যবসায়ীর কাছে তার মেয়ের সঙ্গে যোগাযোগ বন্ধ হওয়ার কারণ জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তিনজন মিলে বন্দুক দেখিয়ে ব্যবসায়ীকে জোর করে তুলে নিয়ে যান বলে অভিযোগ।

খবর পেয়ে তদন্তে নামে পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যেই সুরাটের সিটি লাইট এলাকায় ওই ব্যবসায়ীর অবস্থান শনাক্ত করা হয়। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে উদ্ধার এবং তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

তদন্তে পুলিশ জানতে পারে, ঋষভ ও ওই ব্যবসায়ীর মেয়ের মধ্যে আগে সম্পর্ক ছিল। পরে তরুণী সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে ঋষভের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ছিলেন ঋষভ।

জিজ্ঞাসাবাদে ঋষভ পুলিশের কাছে আরেকটি অভিযোগ করেন। তার দাবি, ব্যবসায়ীর মেয়ে তার এক নারী বন্ধুকে ফোনে গালাগাল করেছিলেন। এ বিষয়ে ব্যাখ্যা চাইতেই তিনি ওই পরিবারের বাড়িতে গিয়েছিলেন।

তবে শেষ পর্যন্ত ওই ব্যবসায়ীকে বন্দুকের ভয় দেখিয়ে অপহরণের অভিযোগে ঋষভ ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিন অভিযুক্তেরই আগের অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে।

 
ইত্তেফাক/এসজেএস