রাশিয়া

রহস্যজনক ভাইরাসে ল্যাবকর্মীর মৃত্যু, কোয়ারেন্টাইনে শতাধিক

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০০:৫১

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি গবেষণাগারে অজ্ঞাত সংক্রমণে এক গবেষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি দুর্ঘটনাজনিতভাবে গবেষণাগার থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ার সঙ্গে সম্পর্কিত কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি সম্ভাব্য প্লেগ সংক্রমণের বিষয়েও তদন্ত শুরু হয়েছে।

রাশিয়ার ইরকুতস্ক শহরের শেলেখভে অবস্থিত অ্যান্টি-প্লেগ রিসার্চ ইনস্টিটিউটে এ ঘটনা ঘটে। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, প্রতিষ্ঠানটিতে বিভিন্ন সংক্রামক রোগ নিয়ে গবেষণা করা হয়।

রাশিয়ার ভোক্তা অধিকার ও মানবকল্যাণ পর্যবেক্ষণ সংস্থা রসপোট্রেবনাদজর জানিয়েছে, নিহত গবেষককে অজ্ঞাত কারণে হওয়া নিউমোনিয়ায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছিল। গবেষণাগারে কর্মরত এক ব্যক্তির বরাত দিয়ে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

ঘটনার পর আশপাশের কয়েকটি শহরের প্রসূতি হাসপাতালগুলোতে কোয়ারেন্টাইন জারি করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কাছের একটি অ্যালুমিনিয়াম কারখানা ও গবেষণাগারের কর্মীদের মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। তবে ইরকুতস্ক ও শেলেখভের সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এলাকায় প্লেগের কোনো প্রাদুর্ভাব ঘটেনি। তবে পার্শ্ববর্তী বুরিয়াতিয়া প্রজাতন্ত্রের প্রধান জানিয়েছেন, এর আগে ২৮ বছর বয়সী এক কর্মী ‘সম্ভবত প্লেগে’ আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ঘটনায় আঞ্চলিক অ্যান্টি-এপিডেমিক কমিশনের জরুরি বৈঠক ডাকার পাশাপাশি জনগণকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

ইরকুতস্ক অ্যালুমিনিয়াম প্ল্যান্টের পরিচালক আরতেম ফোমিনিখ জানান, নিহত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করে পরীক্ষা করা হচ্ছে। এখন পর্যন্ত তাদের কারও মধ্যে রোগের উপসর্গ দেখা যায়নি এবং পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে।

এদিকে স্থানীয় স্বাধীন সংবাদমাধ্যম লিউদি বাইকাল ও অন্যান্য অনানুষ্ঠানিক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২০০ মানুষকে শেলেখভের একটি হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওই হাসপাতালেই গবেষণাগারে মারা যাওয়া কর্মীর চিকিৎসা হয়েছিল বলে জানা গেছে।

রসপোট্রেবনাদজরের সাবেক প্রধান গেনাদি ওনিশচেঙ্কো বলেছেন, সেখানে প্লেগের প্রাদুর্ভাবের আশঙ্কা কম। এমনকি প্লেগ শনাক্ত হলেও তা ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, রাশিয়ায় নিউমোনিক প্লেগের বিষয়টি সম্পর্কে তারা অবগত এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে রুশ কর্তৃপক্ষকে দ্রুত সঠিক ও নির্ভুল তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সূত্র : সিএনএন

ইত্তেফাক/এসজেএস