পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানা এলাকায় নিখোঁজ হওয়ার একদিন পর সুপ্রভাত মদক (৩৫) নামের এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে একটি হলুদখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুপ্রভাত মদক উপজেলার আহম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সত্য চন্দ্র মদকের ছেলে। তিনি স্থানীয় কাশিনাথপুর বাজারের ‘দাদাভাই হোটেলে’ ব্যবসা পরিচালনা করতেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ব্যবসা প্রতিষ্ঠানে থাকা অবস্থায় কাউকে কিছু না জানিয়ে হঠাৎ বের হয়ে যান সুপ্রভাত। রাতে বাড়ি ফিরে না আসায় স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও সন্ধান না পেয়ে একপর্যায়ে আমিনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে পরিবার।
অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাঁর মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা চালায়। মধ্যরাত ১২টার দিকে তার ফোন সচল পাওয়া গেলেও রিং হলেও কেউ রিসিভ করেননি। এরপর মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন একটি হলুদখেতে সুপ্রভাত মদকের রক্তাক্ত ও ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
