ময়মনসিংহে চলন্ত ট্রেনের হুক থেকে বগি বিচ্ছিন্ন

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩০

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত তিস্তা এক্সপ্রেস ট্রেনের হুক থেকে একটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টা ২০ মিনিটে উপজেলার কাউরাইদ-মশাখালির মাঝামাঝি বড়াইগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জ যাচ্ছিল। সকাল ১০টা ২০ মিনিটের দিকে বড়াইগ্রাম এলাকায় পৌঁছালে ট্রেনটির একটি বগি হুক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলেও ভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ওসি মো. আকতার বলেন, ট্রেনের চালক তাৎক্ষণিক বিষয়টি বুঝতে পেরে ট্রেনটি থামিয়ে দেন। পরে রেলওয়ের কর্মীদের চেষ্টায় সকাল ১১টার দিকে বিচ্ছিন্ন বগিটি হুকের সঙ্গে পুনরায় সংযুক্ত করা হয়। এরপর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

তিনি আরও বলেন, ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় কোনো রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল না। সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ইত্তেফাক/এএইচপি