লটারিতে ঢাকার জন্য মনোনীত মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১৬:৫৫

ঢাকার গুরুত্বপূর্ণ সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে পদায়নের জন্য প্রথমবারের মতো লটারির মাধ্যমে ১৮ জন সাব-রেজিস্ট্রারকে বাছাই করা হয়েছে। সারা দেশের ‘এ’ ক্যাটাগরির ১৩১ জন সাব-রেজিস্ট্রারের মধ্য থেকে তাদের নির্বাচন করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠিত হয়।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সাব-রেজিস্ট্রারদের পদায়ন, বিশেষ করে ঢাকায় পদায়ন নিয়ে নানা ধরনের নেতিবাচক ধারণা রয়েছে। ঢাকায় পদায়নকে সাব-রেজিস্ট্রারদের জন্য ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হয়। এ কারণে ঢাকা থেকেই পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

লটারিতে নির্বাচিত ১৮ জন হলেন—মো. গোলাম মোর্তজা (রূপগঞ্জ, নারায়ণগঞ্জ), অমায়িক বাবু (সাতক্ষীরা সদর), ফরিদা আক্তার (চিতোষী, চাঁদপুর), অজয় কুমার সাহা (চুয়াডাঙ্গা সদর), অমিত মঙ্গল চাকমা (সাতকানিয়া, চট্টগ্রাম), মো. রাসেল মল্লিক (কুষ্টিয়া সদর), গোবিন্দ সাহা (মনোহরদী, নরসিংদী), মো. মাসুম (নাজিরপুর, পিরোজপুর), এস এম আবু মুসা (নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া), নাজনীন জাহান (শ্যামনগর, সাতক্ষীরা), মোহাম্মদ হানিফ (দাউদকান্দি, কুমিল্লা), মনীষা রায় (পীরগঞ্জ, ঠাকুরগাঁও), সিং মং থোয়াই (পাঁচবাড়িয়া, চট্টগ্রাম), রাজিব মজুমদার (গোপালপুর, টাঙ্গাইল), আলী আজগর (মুন্সীগঞ্জ সদর), শর্মিলা আহমেদ শম্পা (ঘিওর, মানিকগঞ্জ), আমিনা বেগম (যশোর সদর) ও টিনু চাকমা (ফটিকছড়ি, চট্টগ্রাম)।

আইনমন্ত্রী জানান, বর্তমানে সারা দেশে ৩৭২ জন সাব-রেজিস্ট্রার কর্মরত আছেন। এর বিপরীতে প্রায় ১৩৯টি পদ শূন্য রয়েছে।

তিনি বলেন, যেসব পদায়নকে ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হয় এবং যেগুলো নিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে, সেসব ক্ষেত্রেও পর্যায়ক্রমে একই ধরনের স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করবে সরকার।

লটারিতে নির্বাচিত কর্মকর্তারা কতদিন ঢাকায় থাকবেন—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, চাকরির বিধিমালা অনুযায়ী অনুমোদিত সময় পর্যন্ত এবং দায়িত্ব যথাযথভাবে পালন করা সাপেক্ষে তারা ঢাকায় থাকবেন।

‘যারা দুর্নীতিতে জড়িত, তাদের রাখা হবে না,’ বলেন আইনমন্ত্রী।

ইত্তেফাক/এমএএম