অথবা একটি উড়োজাহাজের গল্পে মৌসুমী হামিদ ও ইরফান সাজ্জাদ

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২৩:৫৬

ছোট পর্দার দর্শকপ্রিয় দুই অভিনয়শিল্পী মৌসুমী হামিদ ও ইরফান সাজ্জাদ। এই জুটিকে নিয়ে নির্মাতা মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ নির্মাণ করেছেন ‘অথবা একটি উড়োজাহাজের গল্প’। এটি রচনা করেছেন আবদুল্লাহ মাহফুজ অভি।

নাটকটিতে অমিত চরিত্রে ইরফান সাজ্জাদ এবং নীলিমা চরিত্রে মৌসুমী হামিদ অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন- রিফাত চৌধুরী, আনন্দ খালেদ, জুয়েল জহুর, শরীফ ইমন, নীহারিকা প্রমুখ।

এর গল্পে দেখা যাবে, অমিত ও নীলিমা একই বাসের সহযাত্রী। পাশাপাশি সিটে বসা তারা কেউ কাউকে চেনেন না। নীলিমা খেয়াল করেন অমিত মনযোগ সহকারে কাগজ দিয়ে প্লেন বানিয়ে জানালা দিয়ে উড়িয়ে দিচ্ছেন। একজন তরুণকে এমন শিশুতোষ খেলায় মগ্ন থাকতে দেখে বেশ অবাক হয়  নীলিমা। একসময় কৌতুহল চেপে রাখতে না পেরে নীলিমা এই প্লেন উড়ানোর কারণ জানতে চায়। অমিত জানায়, ব্যক্তিগত দুঃখগুলোকে আমি কাগজের উড়োজাহাজে করে উড়িয়ে দেই।

আরো পড়ুন: যৌন স্পর্শ, হেল্পলাইনে ফোন করে বাবাকে ধরিয়ে দিলো মেয়ে

এসময় অমিত কাগজের উড়োজাহাজ বানাতে বানাতে তার ব্যক্তিগত দুঃখের গল্পটা নীলিমাকে বলে। আর তখন উড়োজাহাজের গল্প নীলিমার মধ্যেও নানা জিজ্ঞাসা তৈরি করে। এমন গল্পে নির্মিত হয়েছে  ‘অথবা একটি উড়োজাহাজের গল্প’ নাটকটি। 

এই নাটক প্রসঙ্গে পরিচালক মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ বলেন, নাটকটির গল্পে একটি বাস যাত্রার মধ্য দিয়ে মানুষের দু:খ-কষ্ট, হাসি-আনন্দ, আশা-ভালোবাসার জীবনঘনিষ্ট কিছু বিষয় দেখানো হয়েছে। আমরা যেভাবে জীবনের গল্পটা বলেছি- আশা করছি দর্শকের ভালো লাগবে। শনিবার (২৪ আগস্ট) রাত ৯টায় এটিএন বাংলায় নাটকটি প্রচার হবে।

ইত্তেফাক/এমআই