মাসখানেক বিসিবির কোনো প্রোগ্রামে না থাকার পর চলমান জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার আকবর আলী। আর এসেই প্রথম ম্যাচে দলের পরাজয় এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে রংপুরকে ড্র এনে দিয়েছেন তিনি।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে আকবর বলেন, যখন তিনি ক্রিজে নেমেছিলেন, দলের জয়ের কোনো সুযোগ ছিল না। বরং হার এড়াতে শেষ দুই থেকে আড়াই ঘণ্টা ধরে ব্যাটিং টিকিয়ে রাখাটাই ছিল মূল চ্যালেঞ্জ।
গত এক বছর ধরে নিজের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট থাকার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি গত এক বছর ধরে যেভাবে ব্যাটিং করছি, আমার কাছে মনে হচ্ছে যে আমি ফর্মের বাইরে নেই। ঢাকা প্রিমিয়ার লিগটা আমার খুব ভালো যায়নি, আমার নিজের প্রত্যাশা অনুযায়ী ভালো যায়নি। কিন্তু এর আগে যদি বলেন এনসিএল বা বিসিএল, ওয়ানডে বিসিএল, চার দিনের। সব মিলিয়ে আমি বলব না যে আমি ফর্মের বাইরে আছি।’
কঠিন পরিস্থিতিতে ব্যাট করার অভিজ্ঞতা উপভোগ করার কথা জানিয়ে আকবর আরও বলেন, এই ধরনের চ্যালেঞ্জ ও ম্যাচ পরিস্থিতি একজন খেলোয়াড়কে পরিপূর্ণ করে তুলতে সাহায্য করে।
