আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত নুরুল আমিন

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ২২:১৬

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন টঙ্গীর শ্রমিক নেতা নুরুল আমিন। তিনি টঙ্গী থানা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি এবং টঙ্গী ন্যাশনাল ফ্যান শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান নুরুল আমিন। এ সময় কারাগারের মূল ফটকে তার স্বজন ও সমর্থকেরা ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।

কারামুক্তির পর নুরুল আমিন বলেন, আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় তাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছিল। এরপর বিগত সরকার দীর্ঘ সময় ধরে তার ওপর নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ভবিষ্যতে যেন কোনো নিরপরাধ ব্যক্তিকে এ ধরনের পরিস্থিতির শিকার হতে না হয়, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন নুরুল আমিন।

নুরুল আমিনের পরিবারের সদস্যরা জানান, জেল কোডের ৫৬৯ ধারার বিধান অনুযায়ী ২২ বছর কারাভোগের পর তার মুক্তির আবেদন করা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় বিষয়টি যাচাই-বাছাই করে তার মুক্তির অনুমোদন দেয়।

 
ইত্তেফাক/এসজেএস