বাংলাদেশে ২০২৭ সালে হাইব্রিড গাড়ি উৎপাদন শুরু করবে টয়োটা

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০০:৫৮

বাংলাদেশে সাধারণ গাড়ির পাশাপাশি হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল (এইচইভি) শিল্প গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে জাপানের খ্যাতনামা অটোমোবাইল প্রতিষ্ঠান টয়োটা। ২০২৭ সালে দেশের একটি অর্থনৈতিক অঞ্চলে কারখানা নির্মাণের কাজ শুরু করে ২০২৯ সালের মধ্যে বাণিজ্যিকভাবে পূর্ণাঙ্গ উৎপাদনে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ পরিকল্পনার কথা জানিয়েছে টয়োটা তুশো করপোরেশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। টয়োটা তুশো করপোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানির নেতৃত্বে প্রতিনিধিদলটি বৈঠকে জানায়, বাংলাদেশে গাড়ি উৎপাদন কার্যক্রম শুরুর মাধ্যমে তারা শিল্পায়নের প্রসার, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি হস্তান্তর এবং স্থানীয় পর্যায়ে দক্ষ কারিগরি মানবসম্পদ তৈরিতে বিশেষ অবদান রাখতে চায়। এর পাশাপাশি দেশের সব বিভাগীয় পর্যায়ে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে টয়োটার গাড়ি ও আধুনিক সেবা গ্রাহকদের জন্য আরও সহজলভ্য করার উদ্যোগও প্রক্রিয়াধীন রয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান টয়োটার এ বৃহৎ বিনিয়োগ ও ব্যবসায়িক সম্প্রসারণের আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, বর্তমান সরকার দেশে দেশি ও বিদেশি বিনিয়োগের অনুকূলে একটি স্থিতিশীল, প্রতিযোগিতামূলক এবং বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখতে কাজ করছে। বিদেশি উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় সব ধরনের নীতিসহায়তা ও কার্যকর অবকাঠামোগত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ সময় প্রধানমন্ত্রী দেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন ও নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনাময় ক্ষেত্রগুলোতেও বিনিয়োগের জন্য টয়োটা তুশোকে এগিয়ে আসার আহ্বান জানান এবং এতে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে জানায়, অটোমোবাইল শিল্পের পাশাপাশি বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য কারিগরি ও পেশাগত প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং ভবিষ্যৎ শিল্পের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলতে তারা বিশেষ ভূমিকা রাখবে।

বৈঠকে সরকারের পক্ষ থেকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এ ছাড়া টয়োটার পক্ষে অংশ নেন টয়োটা তুশো করপোরেশনের মোবিলিটি ডিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শিগেরু হারাদা ও টয়োটা বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট প্রেমমিত সিংসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইত্তেফাক/এনএন