চলতি অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনেই (১ থেকে ৫ অক্টোবর) দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ৫১ কোটি ৩০ লাখ (৫১৩ মিলিয়ন) মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় প্রবাহে ২১ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এর মধ্যে কেবল ৫ অক্টোবর এক দিনেই দেশে এসেছে ১০ কোটি ৯০ লাখ (১০৯ মিলিয়ন) ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, বিগত অর্থবছরের একই সময়ে (১ থেকে ৫ অক্টোবর) দেশে ৪২ কোটি ২০ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল। সেই হিসাবে চলতি অর্থবছরের প্রথম পাঁচ দিনে ৯ কোটি ১০ লাখ ডলার বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
এদিকে চলতি অর্থবছরের শুরু থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৯১০ কোটি ৪০ লাখ (৯ দশমিক ১০ বিলিয়ন) মার্কিন ডলার। গত অর্থবছরের একই মেয়াদে (জুলাই থেকে ৫ অক্টোবর) দেশে এসেছিল ৮০ কোটি ৮০ লাখ ডলার বা ৮ দশমিক ০০৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স। ফলে বছরওয়ারি (ইয়ার-অন-ইয়ার) হিসাবে চলতি অর্থবছরের এ সময়ে প্রবাসী আয়ে সার্বিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৩ দশমিক ৭ শতাংশ।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্সের এই ধারাবাহিক ঊর্ধ্বমুখী ধারা বজায় থাকলে তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করবে এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বড় ভূমিকা রাখবে।
