চালকলে বিস্ফোরণ: চুল্লির ইট ছিটকে পড়লো ৫০০ মিটার দূরে, শ্রমিক নিহত, আহত ৪

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১৬:১১

নওগাঁয় একটি চালকলে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। চালকলে থাকা বয়লার বিস্ফোরণে এই দুর্ঘটনার সূত্রপাত বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা জানান, বিস্ফোরণের প্রভাবে কলে থাকা চুল্লির ইট আশপাশে ছিটকে পড়ে এবং অন্তত ৫০০ মিটার পর্যন্ত ইট ছিটকে পড়তে দেখা গেছে।

এ দুর্ঘটনায় আব্দুল খালেক (৪৫) নামে এক শ্রমিক নিহতের পাশাপাশি আহত হয়েছেন অন্তত আরও চারজন।

বুধবার (৭ অক্টোবর) সকালে সদর উপজেলার হাঁপানিয়া এলাকার হাজী ইসারত আলী চালকলে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া পাড়া এলাকার বছির উদ্দিনের ছেলে।

থানা পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবারও শ্রমিকরা চালকলে ধান সিদ্ধের কাজ করছিলেন। সকালে হঠাৎ করেই বিকট শব্দে চালকলটির বয়লারে বিস্ফোরণ ঘটে। এতে চারদিকে কালো ধোঁয়ায় ছেঁয়ে যায়। এ সময় শ্রমিকরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে এবং আতঙ্কিত হয়ে পড়েন। পরে ধোঁয়া কিছুটা কমে গেলে শ্রমিকরা এসে দেখেন চাতালে উপর আব্দুল খালেক পড়ে আছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় আহত চার শ্রমিক বর্তমানে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে চালকল মালিক পলাতক রয়েছেন।

ঘটনার সময় ওই চাতালে কাজ করছিলেন নারী শ্রমিক হামিদা বেগম। তিনি জানান, হঠাৎ করেই বিকট শব্দ হয়। তারপর আর ধোঁয়াতে কিছু দেখা যাচ্ছিলো না। ফিরে এসে দেখি খালেক ভাই পড়ে আছে। জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। চাতালগুলোতে আমাদের জীবনের কোন নিরাপত্তা নাই। আমরা নিরাপত্তার সাথে কাজ করতে চাই।

নওগাঁ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে বলা যাবে কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে। নিহত আব্দুল খালেকের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এপি