ইরান যুদ্ধ থামাতে পারমাণবিক সমৃদ্ধকরণ কমানোর শর্ত জেডি ভ্যান্সের 

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১৮:১১

টানা সাত মাসের ইরান সংঘাত সমাধানের শর্ত হিসেবে তেহরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা দৃশ্যমানভাবে কমানোর দাবি তুলেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ওয়াশিংটনের মতে, কেবল ভবিষ্যতের প্রতিশ্রুতিতে বিশ্বাস না রেখে বাস্তবে পদক্ষেপ দেখতে হবে, যদিও আলোচনার টেবিলে তেহরানের শেষ সিদ্ধান্ত কী হবে তা নিয়ে এখনও স্পষ্ট ধারণায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র।

বুধবার (৭ অক্টোবর) রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

অন্যের যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িত হওয়া নিয়ে দীর্ঘদিন ধরে সন্দিহান ভ্যান্স এবার এই সংঘাত নিষ্পত্তিতে আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। জুনে তিনি একটি অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির মধ্যস্থতা করেছিলেন, যা খুব তাড়াতাড়ি ভেঙে যায়। এই যুদ্ধ বিশ্ব জ্বালানি বাজারে বড় ধাক্কা দিয়েছে এবং নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকানদের জন্য রাজনৈতিক চাপ তৈরি করেছে।

সোমবার আলাস্কায় নির্বাচনি প্রচার শেষে ভ্যান্স বলেন, যেকোনো চুক্তিতে ইরানকে পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা কমাতেই হবে। শুধু ভবিষ্যতে কমানোর কথা বললে হবে না।

তিনি প্রশ্ন করেন, পারমাণবিক অস্ত্র না চাইলে ৬০ শতাংশ সমৃদ্ধ জ্বালানির দরকার কী? অস্ত্র না বানানোর প্রতিশ্রুতি দিতে চাইলে উচ্চমাত্রায় সমৃদ্ধ জ্বালানি তৈরি করা উচিত নয়। এটা খুবই সাধারণ ও মৌলিক বিষয়।

ভ্যান্সের মতে, তারা যদি সত্যিই পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিতে চায়, তাহলে সমৃদ্ধকরণ সক্ষমতায় অর্থবহ পদক্ষেপ নিতে হবে।

যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার লক্ষ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্র পরস্পরকে নানা প্রস্তাব দিয়েছে। ট্রাম্প তেহরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এবং সতর্ক করেছেন, মধ্যবর্তী নির্বাচনের পর সামরিক তৎপরতা আরও বাড়তে পারে।

যুক্তরাষ্ট্র এখনও চুক্তিতে আগ্রহী বলেন জেডি ভ্যান্স। তবে তার জন্য ইরানের কাছ থেকে পারমাণবিক কর্মসূচিতে স্পষ্ট ছাড় বা ছাড়ের প্রতিশ্রুতি চাই। তিনি বলেন, আমরা কোনো পদক্ষেপ নেব না শুধু কথার বিনিময়ে।

ইত্তেফাক/এবিএস