জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সংগ্রহে এমন কিছু গুরুত্বপূর্ণ নথি ও স্মারক রয়েছে, যা ২০২৪ সালের জুলাই ও আগস্টের সংঘাতময় ঘটনাগুলোর সাক্ষ্য বহন করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজ। জুলাই জাদুঘর পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে সুসান ভাইজের নেতৃত্বে ইউনেস্কো বাংলাদেশের একটি প্রতিনিধি দল জুলাই জাদুঘর পরিদর্শন করে। জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ প্রতিনিধি দলকে স্বাগত জানান।
পরিদর্শনকালে জাদুঘরের মহাপরিচালকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধি দলের মতবিনিময় হয়। এ সময় শিক্ষা, গবেষণা ও ঐতিহ্য সংরক্ষণে ইউনেস্কোর সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এহসান মাহমুদ।
এহসান মাহমুদ বলেন, ‘আমরা জুলাই জাদুঘরকে শুধু পরিদর্শনের জায়গা হিসেবে নয়, বরং ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ এবং গবেষণার ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চাই। এ কাজ এগিয়ে নিতে ইউনেস্কোর সঙ্গে আমরা যৌথভাবে কাজ করতে আগ্রহী।’
জুলাই জাদুঘরের গ্যালারিগুলো ঘুরে দেখার পর সুসান ভাইজ বলেন, ‘জাদুঘরটিতে এমন কিছু গুরুত্বপূর্ণ নথি ও স্মারক সংগ্রহ দেখানো হয়েছে, যা ২০২৪ সালের জুলাই ও আগস্টের সংঘাতময় ঘটনাগুলোর সাক্ষ্য বহন করে।’
তিনি আরও বলেন, ‘জুলাই-আগস্টের ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন এবং স্বজন হারিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব দলিল যথাযথভাবে সংরক্ষণ করা উচিত।’
এ সময় ইউনেস্কো বাংলাদেশের শিক্ষা বিভাগের প্রধান নরিহিদি ফুরুকাওয়া এবং সংস্কৃতি বিভাগের প্রধান কিযী তাহনিন উপস্থিত ছিলেন।
