সিউলের চিকিৎসা সাহায্য পাঠানোর পরিকল্পনাকে ‘রাজনৈতিক উসকানি’ বলে প্রত্যাখ্যান

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১১:৪০

উত্তর কোরিয়াকে চিকিৎসা সরঞ্জাম সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়া। তবে সিউলের এই পদক্ষেপকে প্রত্যাখ্যান করে ‘রাজনৈতিক উসকানি’ ও ‘সার্বভৌমত্বের চরম লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছে পিয়ংইয়ং।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উত্তর কোরিয়ার প্রভাবশালী নেত্রী ও কিম জং উনের বোন কিম ইয়ো জং এক কড়া বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এক বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, ‘সিউলের কাছ থেকে সহায়তা নেওয়া বা আন্তঃকোরীয় সম্পর্কের ধরন পরিবর্তন করার কোনো প্রশ্নই ওঠে না।’

কিম জানান, দুই দেশের শত্রুভাবাপন্ন সম্পর্ক ও দক্ষিণ কোরিয়াকে দেখার দৃষ্টিভঙ্গি বদলানো সম্ভব নয়। সিউলের সাথে কোনো আলোচনা করার প্রয়োজনও উত্তর কোরিয়া দেখে না।

সাম্প্রতিক সময়ে দুই কোরিয়ার সম্পর্কের তীব্র টানাপড়েনের মধ্যে উত্তর কোরিয়ার পক্ষ থেকে সিউলের সব প্রস্তাব সরাসরি নাকচ করে দেওয়ার বার্তাটি নতুন করে উত্তাপ বাড়াল।

 
ইত্তেফাক/এসএইচ