প্রত্যেক উপজেলায় জরুরি নির্দেশনা সরকারের

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫১

উপজেলা পরিষদের সভার কার্যবিবরণী সভা অনুষ্ঠানের ১৪ দিনের মধ্যে সরকারের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। পাশাপাশি সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রম, ছাদভিত্তিক সোলার প্যানেল স্থাপন, ডেঙ্গু প্রতিরোধসহ সামগ্রিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি কার্যবিবরণীতে উল্লেখ করতে বলা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসকের কাছে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মোজাম্মেল হক রাসেলের সই করা চিঠিতে বলা হয়, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮-এর ২৭(৪) ধারায় পরিষদের প্রত্যেক সভার কার্যবিবরণীর একটি অনুলিপি সভা অনুষ্ঠিত হওয়ার ১৪ দিনের মধ্যে সরকারের ও সংশ্লিষ্ট এলাকার সংসদ-সদস্যের কাছে পাঠানোর বিধান রয়েছে।

এতে উল্লেখ করা হয়, নথি পর্যালোচনায় দেখা গেছে, অধিকাংশ উপজেলা পরিষদ থেকে বিধান অনুযায়ী নিয়মিত সভার কার্যবিবরণী সরকারের কাছে পাঠানো হচ্ছে না। ফলে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রম, বিশেষ করে ছাদভিত্তিক সোলার প্যানেল স্থাপন, ডেঙ্গু প্রতিরোধ এবং সামগ্রিক উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা সম্ভব হচ্ছে না।

এমতাস্থায় আইন অনুযায়ী নিয়মিতভাবে উপজেলা পরিষদের কার্যবিবরণী পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কার্যবিবরণীতে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রমসহ পরিষদের ন্যস্ত বিভাগগুলোর সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি উল্লেখ করতে বলা হয়েছে।

এছাড়া অগ্রাধিকারমূলক কার্যক্রমের ক্ষেত্রে সচিত্র প্রমাণক সংযুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। রঙিন প্রিন্টে ছবি পাঠাতে হবে। কোনো কাজের আগে ও পরে পরিস্থিতির তুলনামূলক চিত্র থাকলে তা পাশাপাশি স্থাপন করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কার্যবিবরণী নিয়মিতভাবে স্থানীয় সরকার বিভাগের নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠানোর পাশাপাশি হার্ডকপি সচিব, স্থানীয় সরকার বিভাগ বরাবর পাঠাতে বলা হয়েছে।

আইন অনুযায়ী, উপজেলা পরিষদের কার্যক্রম ও উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়মিতভাবে সরকারের নজরে আনা এবং অগ্রাধিকারমূলক কার্যক্রমের বাস্তবায়ন তদারকি নিশ্চিত করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এনটিএম