ডেমরায় ৯৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১৩:০০

রাজধানীর ডেমরা থেকে ৯৪ পিস ইয়াবাসহ মো. সাহাবুদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। বুধবার (৭ অক্টোবর) ডেমরা থানার সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১০ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল ডেমরা থানাধীন সারুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সাহাবুদ্দিনকে ৯৪ পিস ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৮ হাজার ২০০ টাকা।

গ্রেপ্তার সাহাবুদ্দিন নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চরবকিরা এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

এসআরবি জানায়, গ্রেপ্তার ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ঢাকার ডেমরাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

এসআরবি জানায়, উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তার ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি। পাশাপাশি মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান পরিচালনার কথা জানিয়েছে বাহিনীটি।

ইত্তেফাক/এসজে