জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে মো. হোসেন নামে এক মালবাহী ট্রাকের চালককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠন শুনানি পিছিয়ে আগামী ২৬ অক্টোবর ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত চার্জশুনানি পেছানোর আদেশ দেন।
এদিন শুনানির জন্য আদালতে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ পলকসহ ৮ জনকে উপস্থিত করা হয়। শুনানি শেষে লিফট চালু থাকা স্বত্বেও আদালতের সিঁড়ি দিয়ে ছয়তলায় এজলাসে তোলা হয় বলে আদালতের বিচারককে অভিযোগ জানান পলক।
তিনি বলেন, আদালত ‘এটা কি ধরনের সিস্টেম, লিফট চালু দেখলাম তারপরেও হাতকড়া পেছনে দিয়ে আমাকে ছয়তলা সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে। আদালতের কাছে আমার অনুরোধ, মানবিক দিক বিবেচনায় রেখে হাতকড়া সামনে দেওয়ার ব্যবস্থা করা হোক।’
পরে তাকে উদ্দেশ্য করে বিচারক বলেন, এটাতো আপনাদের নিরাপত্তার জন্যই। জবাবে পলক বলেন, ‘এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অথরিটি। আপনার না। হাতকড়া সামনের দিকে রাখলেই হয়।’
এ সময় পলক সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আনিসুর রহমানের উদ্দেশ্য করে বলেন, ‘পিপির মনে রাখা দরকার, তার ওই স্থান থেকে আমার এই স্থানের দূরত্ব বেশি নয়।’
শুনানি শেষে তাকে আদালত থেকে নামানোর সময় ও সিঁড়ি দিয়ে হেটে নামাতে দেখা যায়। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে পলক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘লিফট শুধু আমাদের জন্য নষ্ট থাকে।’
এ সময় পলকের পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি, তরিকুল ইসলামসহ অনেকেই এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন। এদিন কারাগারে থাকা ৮ জনকে আদালতে উপস্থিত করা হয়। এ মামলায় ৩৪ জন আসামির মধ্যে ১০ জন কারাগার আটক রয়েছে। বাকি ২০ জন শুরু থেকেই পলাতক রয়েছে।
