নওগাঁর মান্দায় পুরোনো ভবন ভাঙার কাজ করার সময় ভবনের একাংশ ধসে গুরুতর আহত কেরামত উল্লাহ্ সরদার (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ ঘটনায় মান্দা থানায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন পরিদর্শক (তদন্ত) আলেফ উদ্দিন। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত দেড়টার দিকে কেরামত উল্লাহ্’র মৃত্যু হয়।
নিহত কেরামত উল্লাহ্ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের উত্তর চকরামরপুর গ্রামের মৃত অফের আলী সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার কেরামত উল্লাহ্ উপজেলার কশব ইউনিয়নের তালপাতিল গ্রামে লুৎফর রহমানের একটি পুরোনো ভবন ভাঙার কাজে যান। ওই দিন সকাল ১০টার দিকে কাজ করার সময় হঠাৎ ভবনের একটি অংশ ধসে তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অস্ত্রোপচারের জন্য বুধবার রাত ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ১টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আলেফ উদ্দিন বলেন, এ ঘটনায় নিহতের বোন ময়না বিবি বাদী হয়ে মান্দা থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। তদন্তপূর্বক এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
