শ্রীলঙ্কা টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনাঞ্জয়া ডি সিলভা। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণার আগে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত জানালেন তিনি। নেতৃত্ব ছাড়লেও খেলা চালিয়ে যাবার ইচ্ছা প্রকাশ করেছেন ৩৫ বছর বয়সী এই ব্যাটার।
অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) নির্বাচক কমিটির কাছে পাঠানো এক চিঠিতে ডি সিলভা লিখেছেন, ‘এটি আমার ব্যক্তিগত মতামত, পরের প্রজন্মের নেতৃত্বভার এখনই কারও হাতে তুলে দেওয়া উচিত।’
টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার অধিনায়ক হিসেবে অবদান রাখার জন্য ডি সিলভাকে ধন্যবাদ জানিয়েছেন এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা। তিনি বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেটে ক্যারিয়ারের বাকি সময়ের জন্য ডি সিলভার জন্য শুভকামনা থাকলো। টেস্ট দলে তার অবদানের জন্য ধন্যবাদ জানাচ্ছি।’
২০২৪ সালের জানুয়ারিতে টেস্ট দলের অধিনায়ক হন ডি সিলভা। তার অধীনে ১৮ টেস্ট খেলেছে শ্রীলঙ্কা। এর মধ্যে ৭ ম্যাচে জয়, ৮টিতে হার ও ৩টি ড্র করেছে লঙ্কানরা। ডি সিলভার নেতৃত্বে বাংলাদেশ, আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে জিতেছে লঙ্কানরা।
২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দিয়ে অভিষেকের পর দেশের জার্সিতে ৬৯ ম্যাচ খেলেছেন ডি সিলভা। ব্যাট হাতে ১৩ সেঞ্চুরি ও ২০ হাফ-সেঞ্চুরিতে ৪৪৩১ রান এবং বল হাতে ৪৩ উইকেট শিকার করেছেন তিনি।
আগামী ৯ নভেম্বর থেকে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে শ্রীলঙ্কা। লাহোরে দ্বিতীয় টেস্ট ১৭ নভেম্বর থেকে শুরু হবে।
