নারায়ণগঞ্জ জেলা কারাগারে অন্তরীণ সজীব আহমেদ (২৫) নামে এক বন্দি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস। এর আগে বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মারা যাওয়া সজীব নাসিক ২ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার মো. সানাউল্লাহর ছেলে।
গত ১২ জুলাই ডাকাতির প্রস্তুতিকালে গুলিভর্তি বিদেশি রিভালবারসহ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেপ্তারের পর থেকেই কারাগারে ছিলেনন তিনি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জেল সুপার নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জ কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস বলেন, কারাবন্দি সজিব বেশ কয়েকদিন যাবত অসুস্থ অবস্থায় কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন ছিল। গত শনিবার তার শারীরিক অবস্থার বেশি অবনতি ঘটলে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শষ্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাতে মারা যায় সে। অতিরিক্ত স্বাস্থ্যের কারণে ওই কারাবন্দির ব্লাড প্রেশারের সমস্যা ছিল বলেও তিনি জানান।
