দুর্দান্ত জয়ে অনূর্ধ্ব–১৭ নারী এশিয়ান কাপ শুরু করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাগতিক উজবেকিস্তানকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলার মেয়েরা।
উজবেকিস্তানের তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামের অনুশীলন মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের চতুর্থ মিনিটেই মোসাম্মৎ আলমিনার গোলে এগিয়ে যায় দল। তবে লিডটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ।
১৮ মিনিটে রক্ষণভাগের ভুলে সমতায় ফেরে স্বাগতিক উজবেকিস্তান। উজবেকিস্তানের ডিফেন্ডার ফারাঙ্গিজ লাকায়েভা গোল করে দলকে সমতায় ফেরান। এতে ১–১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর ম্যাচে এগিয়ে যেতে মরিয়া হয়ে ওঠে দুই দলই। বাংলাদেশ একের পর এক আক্রমণ করলেও বেশ কয়েকটি সুযোগ গোলমুখে গিয়ে নষ্ট হয়।
নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ে আসে কাঙ্ক্ষিত গোল। ৯৩ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা রুনা আক্তার দলকে দ্বিতীয় গোলটি এনে দেন। তার সেই গোলেই ২–১ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
‘এইচ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে উজবেকিস্তান ও ফিলিপাইনস। গ্রুপ পর্বে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ ম্যাচ ১১ অক্টোবর ফিলিপাইনসের বিপক্ষে।
